সিএমপির ৩২তম পুলিশ কমিশনার হিসেবে যোগদান করলেন মো. সাইফুল ইসলাম

thai foods

খাসখবর চট্টগ্রাম ডেস্ক:চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) ৩২তম কমিশনার হিসেবে যোগদান করেছেন উপ-পুলিশ মহাপরিদর্শক মো. সাইফুল ইসলাম।

thai foods

বৃহস্পতিবার (৪ জুলাই) সিএমপির সদর দফতরে তিনি যোগদান করেন।

এসময় সিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ নবনিযুক্ত সিএমপি কমিশনারকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন। পরবর্তীতে দামপাড়ার সিএমপি সদরদপ্তরে পুলিশের একটি চৌকশ দল সশস্ত্র সালাম প্রদান করেন।

পরবর্তীতে নবনিযুক্ত সিএমপি কমিশনার দামপাড়া পুলিশ লাইন্সের জনক চত্বরে স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করেন।

এসময় উপস্থিত ছিলেন সিএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) আ স ম মাহাতাব উদ্দিন, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) প্রকৌশলী আবদুল মান্নান মিয়া, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. মাসুদ আহাম্মদ, উপ-পুলিশ কমিশনার (সদর) মো. আব্দুল ওয়ারীশসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

এর আগে, গত ২৩ জুন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপ-সচিব সিরাজাম মুনিরা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে ম্যাস র‌্যাপিড ট্রানজিট (এমআরটি) পুলিশের উপ-মহাপুলিশ পরিদর্শক (ডিআইজি) মো. সাইফুল ইসলামকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার হিসেবে পদায়ন করা হয়।

সিএমপি কমিশনার মো. সাইফুল ইসলাম পাবনা জেলার একটি সম্ভ্রান্ত পরিবারের সন্তান। তিনি ১৯৯৫ সালে বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। তিনি ২০০১ সালে ২০তম বিসিএস-এর মাধ্যমে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। সিএমপিতে যোগদানের পূর্বে তিনি এমআরটি পুলিশের ডিআইজি হিসেবে কর্মরত ছিলেন।

তিনি বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার ও চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন। এছাড়াও তিনি বরিশাল ও বরগুনা জেলার পুলিশ সুপার হিসেবেও দায়িত্ব পালন করেন।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশে (সিএমপি) ২০১২ থেকে ২০১৪ সাল পর্যন্ত তিনি উপ-পুলিশ কমিশনার (বন্দর) হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।

প্রসঙ্গত, সদ্য বিদায়ী সিএমপি কমিশনার অতিরিক্ত আইজিপি কৃষ্ণ পদ রায়কে ২০২২ সালের ৩০ জুন সিএমপি কমিশনার হিসেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ পুলিশ-১ শাখার এক প্রজ্ঞাপনে পদায়ন করা হয়েছিল।

খখ/মো মি

আগেচট্টগ্রাম বিভাগের ১২ উপজেলার চেয়ারম্যান শপথ নিলেন
পরেচট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সম্মেলন ১৮ সেপ্টেম্বর