খাসখবর সংস্কৃতি ডেস্ক: এবার পহেলা বৈশাখে ভিন্ন আঙ্গিকে শোভাযাত্রা বের হবে। শোভাযাত্রায় একটি পরিবর্তন লক্ষ্য করা যাবে। তবে এই শোভাযাত্রার নাম পরিবর্তন হচ্ছে কি-না, এ ব্যাপারে সোমবার (২৪ মার্চ) সিদ্ধান্ত হবে বলে জানিয়েছেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা ও চলচ্চিত্র পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী।
রোববার (২৩ মার্চ) সচিবালয়ে জাতীয়ভাবে বাংলা নববর্ষ এবং চাকমা, মারমা, ত্রিপুরা, গারো ও অন্যান্য জাতিগোষ্ঠীর নববর্ষ উদযাপন নিয়ে সভা শেষে সাংবাদিকদের এসব কথা জানান উপদেষ্টা ফারুকী।
এ সময় তিনি বলেন, আগে শোভাযাত্রা ছিল শুধু বাঙালিদের শোভাযাত্রা, এবার হবে সব জাতি-গোষ্ঠীর শোভাযাত্রা। শোভাযাত্রায় পাহাড়ি বাঙালি সবাই যার যার সংস্কৃতি তুলে ধরবে।
উপদেষ্টা ফারুকী নববর্ষের অনুষ্ঠানের সময় নির্ধারণ নিয়েও কথা বলেন। তিনি বলেন, এবার নববর্ষের অনুষ্ঠান সন্ধ্যার মধ্যেই শেষ করার কোনো বিধি-নিষেধ থাকবে না। আইনশৃঙ্খলা বাহিনীর অনুমতি নিয়ে সন্ধ্যার পরও অনুষ্ঠান চলমান রাখা যাবে।
শোভাযাত্রা সম্পর্কে তিনি আরও বলেন, এবার আসলেই নতুন কিছু দেখতে পাবেন (শোভাযাত্রায়)। নতুন রং, নতুন গন্ধ ও নতুন সুর পাবেন। আর কী নামে শোভাযাত্রা হবে, তা আগামীকাল সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি সভা রয়েছে, সেখানে ঠিক হবে।
খখ/মো মি


