চট্টগ্রামে ব্যাংক কর্মকর্তা স্বামীকে খুনের অভিযোগে স্ত্রী রোমানা গ্রেফতার

thai foods

খাসখবর প্রতিবেদক, চট্টগ্রাম ডেস্ক: চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানা এলাকায় এক ব্যাংক কর্মকর্তাকে খুনের অভিযোগে তার স্ত্রী রোমানা ইসলামকে (৩৪) গ্রেফতার করেছে পুলিশ।

thai foods

এ ঘটনায় রোববার (২৩ মার্চ) দুপুরে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের চান্দগাঁও থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন ওই ব্যাংক কর্মকর্তার ভাই।

মৃত ওই ব্যাংক কর্মকর্তার নাম জাফর আলী চৌধুরী (৪৩)। তার বাড়ি ফটিকছড়ির ভুজপুর উপজেলায়। তিনি আল আরাফাহ্ ইসলামী ব্যাংক নগরীর কদমতলী শাখার সিনিয়র এক্সিকিউটিভ পদে কর্মরত ছিলেন।

অন্যদিকে অভিযুক্ত তার স্ত্রীর নাম রোমানা ইসলাম (৩৪)। তারা নগরীর চান্দগাঁও আবাসিক এলাকার বি ব্লকের একটি ভবনের ফ্ল্যাটে ভাড়া থাকতেন।

পুলিশ জানায়, শনিবার (২২ মার্চ) রাতে খবর পেয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে গিয়ে জাফরের মরদেহ উদ্ধার করে পুলিশ। তার গলায় কালো দাগ, হাতে নখের আঁচড়, কানে জমাটবাঁধা রক্ত এবং মাথার পেছনে ফোলা জখম ছিল। জাফরের পরিবারের অভিযোগ, তাকে তার স্ত্রী খুন করেছেন। পরে জাফরের স্ত্রী রোমানা ইসলামকে হেফাজতে নেয় পুলিশ।

আজ রোববার (২৩ মার্চ) দুপুরে জাফরের ভাই আবুল হাসনাত রোমানাকে একমাত্র আসামি করে হত্যা মামলা দায়ের করে। ওই মামলায় রোমানাকে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এজাহার সূত্রে জানা গেছে, জাফর আলী চৌধুরী তার স্ত্রী ও দুই ছেলে সন্তানকে নিয়ে চান্দগাঁও আবাসিক এলাকার ওই ফ্ল্যাটে বসবাস করছিলেন। সংসারের বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে রোমানা ইসলাম জাফরকে অকথ্য ভাষায় গালাগাল, শারীরিক ও মানসিক নির্যাতন করতেন। জাফরের শ্বশুরও তাকে বিভিন্নসময়ে চাকরিচ্যুত ও ‘নিশ্চিহ্ন’ করার হুমকি দেয়। জাফর তার ছোট ভাইকে বেঁচে থাকতে জানিয়েছিলেন, শ্বশুরবাড়িতে বেড়াতে যাওয়ার পর তাকে বেঁধে রেখে নির্যাতন করা হয়েছিল।

এজাহারে আরও উল্লেখ করা হয়, জাফরের দুই শ্যালক শরীফুল ইসলাম এবং আরিফুল ইসলাম বিভিন্নসময় তাকে দেখে নেওয়ার হুমকি দিয়েছিলেন। গত ২২ মার্চ সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটে রোমানা ইসলাম তার ননস রোকেয়াকে ফোন করে বলেন, জাফর অসুস্থ এবং তার কান দিয়ে রক্ত পড়ছে। এরপর তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে যেতে বলে। শরীফুলের বড় বোন এবং ভাগিনা চট্টগ্রাম মেডিকেল গিয়ে তার নিথর দেহ দেখতে পায়। এরইমধ্যে শরীফুলের শ্বশুরবাড়ির লোকজন পালিয়ে যান সেখান থেকে। গতকাল সন্ধ্যা ৬টা ১০ মিনিট থেকে ৬টা ৫৫ মিনিট সময়ের মধ্যকার সময়ে জাফরকে তার স্ত্রী রোমানা ইসলাম নিজ হাতে কিংবা অন্য কারও সাহায্যে হত্যা করেছেন বলে এজাহারে অভিযোগ করেন বাদী আবুল হাসনাত।

আবুল হাসনাত গণমাধ্যমকে বলেন, ‘আমার ভাইকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। গত দুই বছর আগেও পারিবারিক বিভিন্ন বিষয়ে ঝগড়ার পর ডিভোর্স দেওয়ার কথাও হয়েছিল। আমার ভাইকে বিভিন্নভাবে ওরা শারীরিক ও মানসিক নির্যাতন করতো। হত্যা না করলে পুলিশকে ফোন না করে চট্টগ্রাম মেডিকেলে আমার ভাইয়ের লাশ ফেলে পালালো কেন তারা? আমি এর সুষ্ঠ তদন্ত এবং বিচার চাই।’

এ বিষয়ে চান্দগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) আফতাব উদ্দিন বলেন, ‘গতকাল রাতে চান্দগাঁও আবাসিক এলাকা থেকে এক ব্যাংক কর্মকর্তাকে ঝুলন্ত অবস্থা থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের স্ত্রীকে একমাত্র আসামি করে নিহতের ছোট ভাই বাদী হয়ে একটি মামলা করেছেন। ওই মামলায় স্ত্রী রোমানা ইসলামকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।’

তিনি বলেন, ‘নিহতের শরীরে আঘাতের তেমন কোনো চিহ্ন নেই। তবে তার কান দিয়ে হাল্কা রক্ত এসেছিল, মাথার পেছনে ফোলা জখম ছিল এবং শরীরে আঁচড়ের দাগ ছিল। মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেলের লাশঘরে রয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর কারণ জানা যাবে।’

মামলার তদন্ত কর্মকর্তা এসআই মো নুরুল আমিন  বলেন, ‘রোমানা জানিয়েছে তার স্বামী জাফর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। এর আগে তাদের মধ্যে ঝগড়া হয়েছিল। অন্যদিকে জাফরের ভাই-বোনরা তাকে রোমানা খুন করেছে বলে অভিযোগ করছে। পুলিশ হাসপাতালে গিয়ে তার মরদেহ উদ্ধার করেছে। জাফরের ভাইয়ের করা হত্যা মামলায় রোমানাকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।’

তিনি আরও বলেন, ‘এটা হত্যা নাকি আত্মহত্যা সেটা ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে বলা যাবে। এখন স্পষ্ট করে কিছু বলা যাচ্ছে না। মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’

খখ/মো মি

আগে“সংস্কার এবং নির্বাচনকে মুখোমুখি দাঁড় করানো হচ্ছে”- তারেক রহমান
পরে“এবার মঙ্গল শোভাযাত্রায় পরিবর্তন লক্ষ্য করা যাবে”-মোস্তফা সরয়ার ফারুকী