সাংবাদিক সংকটে’ সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীর সংবাদ সম্মেলন স্থগিত

thai foods

খাসখবর সংস্কৃতি ডেস্ক: উল্লেখযোগ্য সংখ্যক সাংবাদিক উপস্থিত না হওয়ায় সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীর সংবাদ সম্মেলন স্থগিত হয়েছে।

thai foods

আজ শনিবার (২৪ মে) দুপুরে বাংলা একাডেমির শহীদ মুনীর চৌধুরী সভাকক্ষে ‘বাংলা একাডেমি সংস্কার’ বিষয়ক এই সংবাদ সম্মেলন হওয়ার কথা ছিল। কিন্তু নির্ধারিত সময়ে মাত্র ৫ জন সাংবাদিক উপস্থিত হন। পরে সাংবাদিকদের অপেক্ষায় আরও দেড় ঘণ্টা অপেক্ষা করা হয়। শেষ পর্যন্ত আর কেউ না আসায় সংবাদ সম্মেলন স্থগিতের ঘোষণা দেন বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম।

জানা গেছে, সংবাদ সম্মেলনের সময় হলে মন্ত্রণালয়ের কর্মকর্তা ও বাংলা একাডেমি সংশ্লিষ্ট কর্মকর্তারা কয়েক মিনিট পর পর এসে সভাকক্ষে সাংবাদিকদের উপস্থিতি দেখে তথ্য দেন উপদেষ্টার দফতরে।

দুপুর আড়াইটায় বাংলা একাডেমির মহাপরিচালক সাংবাদিকের উদ্দেশে বলেন, সংবাদ সম্মেলন শুরু হবে দুপুর ৩টায়। পরে ৩টায়ও সাংবাদিকের উপস্থিতি না বাড়ায় আধা ঘণ্টা পর এসে সংবাদ সম্মেলন স্থগিত করার ঘোষণা দেন বাংলা একাডেমির মহাপরিচালক। সংস্কৃতি মন্ত্রণালয়ের উপসচিব খালিদ হোসেন সেসময় উপস্থিত ছিলেন।

এর আগে, গত বৃহস্পতিবার দুপুর ২টায় ওই সংবাদ সম্মেলনটি হওয়ার কথা ছিল। তবে সেদিনও ‘অনিবার্য’ কারণ দেখিয়ে স্থগিতের কথা জানায় বাংলা একাডেমির জনসংযোগ বিভাগ। পরবর্তীতে সংবাদ সম্মেলনটি আজ শনিবার দুপুর ২টায় আয়োজনের কথা বলা হয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত একজন সাংবাদিক বলেন, ‘মন্ত্রণালয় থেকে আমাকে এই সংবাদ সম্মেলনের বিষয়ে জানানো হয়নি। আমি অন্য মাধ্যমে থেকে জেনে এখানে এসেছিলাম। পরে এসে দেখলাম সংস্কৃতি বিটের বেশিরভাগ সাংবাদিকই সংবাদ সম্মেলনটির কথা জানেন না।’

বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক আজম এ বিষয়ে বলেন, ‘সাংবাদিক উপস্থিতি কম হওয়ায় আজকেও দ্বিতীয়বারের মত সংবাদ সম্মেলনটি স্থগিত করতে হচ্ছে। নতুন তারিখ ঠিক হলে, তা সাংবাদিকদের জানিয়ে দেওয়া হবে।’

খখ/মো মি

আগেচট্টগ্রাম মাল্টিমিডিয়া রিপোর্টার্স ইউনিটির নির্বাচনে আবির আহমেদ সভাপতি ও সাজ্জাদ হোসাইন সাধারণ সম্পাদক নির্বাচিত
পরেপ্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক: দুই ছাত্র উপদেষ্টা ও নিরাপত্তা উপদেষ্টার পদত্যাগ চায় বিএনপি