ইপিজেডে চায়না নাগরিকের ছিনিয়ে নেওয়া মোবাইল ফোন উদ্ধার, গ্রেপ্তার ৩

thai foods

খাসখবর চট্টগ্রাম ডেস্ক: চট্টগ্রাম মহানগরীর ইপিজেড থানার আকমল আলী সড়ক এলাকায় এক চায়না নাগরিকের কাছ থেকে ছিনিয়ে নেওয়া মোবাইল ফোন ২৪ ঘন্টার উদ্ধার করেছে পুলিশ।

thai foods

এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজন ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (১১ জুন) সকাল সোয়া ৭টার দিকে চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ (সিইপিজেড) অঞ্চলের প্রবেশ পথ সংলগ্ন রাজু কলোনি থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ছিনিয়ে নেওয়া মোবাইলসহ ছিনতাই কাজে ব্যবহৃত দুটি ছুরি উদ্ধার করা হয়।

গ্রেপ্তার তিনজন হলেন—বরিশাল কোতোয়ালী থানার রুপাতলী এলাকার মোহাম্মদ হৃদয় (২৮), পিরোজপুর জেলার মঠবাড়িয়া থানার পশ্চিম পাতাকাটা গ্রামের মো. ফেরদৌস (২৯) এবং চাঁদপুর জেলার সদর থানার মইশাদী মজুমদার বাড়ির রাজু মজুমদার (৩২)। তবে তারা তিনজনই ইপিজেড থানা এলাকায় বসবাস করেন।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ৯ জুন রাত সাড়ে ৮টার দিকে নিউ এ্যারা ফ্যাশন বিডি নামক পোশাক কারখানার কর্মকর্তা, চায়না নাগরিক ঝেং কিং ঝিন (ZHENG QING ZHIN) বাজার করতে বেপজা আবাসিক এলাকার প্রধান গেটের ভিতর প্রবেশ করেন।

এ সময় কয়েকজন ব্যক্তি তার গতিরোধ করে ছুরির ভয় দেখিয়ে তার পকেটে থাকা হুয়াওয়ে ব্র‍্যান্ডের স্মার্টফোনটি ছিনিয়ে নেয়। এ ঘটনায় গতকাল একই পোশাক কারখানার স্টোর কিপার রুবেল দাশ বাদী হয়ে একটি মামলা করেন।

সিএমপির সহকারী কমিশনার (বন্দর) মাহমুদুল হাসান জানিয়েছেন, মামলা রুজুর পর তথ্যপ্রযুক্তির সহায়তায় পুলিশ ছিনতাইয়ে জড়িত তিনজনকে শনাক্ত করে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার তিনজনকেই আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে।

ইপিজেড থানার অফিসার ইনচার্জ ওসি মো. জামির হোসেন জিয়া’র নেতৃত্বে এ অভিযানে অংশ নেন এসআই মো, আবদুল ওয়াদুদ চৌধুরী ও তার সঙ্গীয় ফোর্স।

খখ/মো মি

আগেচট্টগ্রামের হালিশহরে বেপরোয়া প্রাইভেট কার কেড়ে নিল সাইকেল আরোহী কিশোরের প্রাণ
পরেরাজা তৃতীয় চার্লসের সঙ্গে প্রধান উপদেষ্টার একান্ত সাক্ষাৎ