খাসখবর বৃহত্তর চট্টগ্রাম ডেস্ক: কক্সবাজারের রামুতে এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় সিএনজির পাঁচ যাত্রী নিহত হয়েছেন। শনিবার (২ আগস্ট) দুপুর ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম পরিচয় জানা যায়নি।
বিষয়টি নিশ্চিত করেছেন রামু থানার অফিসার ইনচার্জ (ওসি) তৈয়বুর রহমান। তিনি বলেন, ট্রেনের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশাটি ছিটকে যায়। এতে চালক শাহাব উদ্দিন, যাত্রী মর্জিনা ও তার শিশুসন্তানসহ অজ্ঞাতপরিচয় আরও দুই যাত্রী মারা গেছেন। ওই দুজনের পরিচয় শনাক্ত করার চেষ্টা চলছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, আজ দুপুরে রামুর রশিদনগর থেকে ভারুয়াখালী যাওয়ার পথে কক্সবাজার শহরের বাইপাস সংলগ্ন স্থানে একটি সিএনজি চালিত অটোরিকশা পার হওয়ার সময় রেলক্রসিংয়ে চলন্ত ট্রেনের নিচে পড়ে। কক্সবাজার থেকে ছেড়ে আসা ঢাকাগামী ‘কক্সবাজার এক্সপ্রেস’ ট্রেনটি অটোরিকশাটিকে সজোরে ধাক্কা দেয়।
সিএনজিটিকে এক কিলোমিটার টেনেহিঁচড়ে নিয়ে যায় পর্যটকবাহী ওই ট্রেন। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় ফায়ার সার্ভিস ও রেলওয়ে পুলিশ।
দুর্ঘটনার পর ক্ষুব্ধ স্থানীয়রা চট্টগ্রাম থেকে ছেড়ে আসা আরেকটি ট্রেন আটকিয়ে বিক্ষোভ করেছে।
খখ/মো মি


