চট্টগ্রামের মিরসরাইয়ে মাকে বাঁচাতে গিয়ে বাবার ছুরিকাঘাতে একমাত্র ছেলে নিহত

thai foods

খাসখবর চট্টগ্রাম ডেস্ক: চট্টগ্রামের মিরসরাইয়ে বাবার ছুরিকাঘাতে মো. শাহেদ (২২) নামে বিশ্ববিদ্যালয় পড়ুয়া এক ছেলে খুন হয়েছেন।

thai foods

বুধবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার মায়ানী ইউনিয়নের ৮নং ওয়ার্ড পশ্চিম মায়ানী ঘড়ি মার্কেট এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত মো. শাহেদ শেখ আকনের বাড়ি মো. নুরুজ্জামান ও কামরুজ্জাহান বেগম দম্পতির একমাত্র ছেলে। শাহেদ চট্টগ্রাম আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী ছিলেন।

জানা যায়, উপজেলার মায়ানি ইউনিয়নের বিষু মিয়া সড়কের ঘড়ি মার্কেট এলাকায় নিহতের বাড়ির সামনে জড়ো হওয়া গ্রামবাসীর এখনো যেন বিশ্বাস হচ্ছিল না ঘটনাটি। ছেলের মরদেহ আনতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে গেছেন শাহেদের মা কামরুজ্জাহান ও তার দুই বোন। তারা এসে পৌঁছালে জানাজা পড়ানো হবে।

স্বজনরা জানান, ছোটবেলা থেকেই মেধাবী ছিলেন মোহাম্মদ শাহেদ। গ্রামের বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে এসএসসি ও পাশের কলেজ থেকে এইচএসসি পাস করে চট্টগ্রামের ইসলামী বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা করছিলেন তিনি। সপ্তম সেমিস্টারের ছাত্র ছিলেন। পড়াশোনার পাশাপাশি ফ্রিল্যান্সিং করে সংসারে সহযোগিতাও করতেন।

মাকে কথা দিয়েছিলেন, আর কিছুদিন পর পড়াশোনার পাট চুকলেই চাকরিতে ঢুকবেন। মায়ের দায়িত্ব নেবেন। শাহেদের সে স্বপ্ন আর পূরণ হলো না। গত বুধবার সন্ধ্যায় বাবার ছুরিকাঘাতে নিজ বাড়িতে মৃত্যু হয় তার। বাবার একমাত্র ছেলে শাহেদ ছিলেন সবার আদরের। বাবা নুরুজ্জামানের দুই মেয়ে ও এক ছেলের মধ্যে সবার ছোট ছিলেন তিনি। সাহেদকে হারিয়ে এখন পাগলপ্রায় তার মা কামরুজ্জাহান।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাত নয়টার দিকে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ছেলেকে নিয়ে আসে মা কামরুজ্জাহান। হাসপাতালে আনার আগেই রক্তক্ষরণে মৃত্যু হয় তার। স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকেরা কেবল আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছিলেন। শোক আর হতাশায় বিহ্বল শাহেদের মা কামরুজ্জাহান কোনোভাবেই মানতে পারছিলেন না। বারবার ছুটে যেতে চাইছিলেন ছেলের কাছে। দুই মেয়েকে বিয়ে দিয়েছেন তিনি। চট্টগ্রাম নগরে এই ছেলেকে নিয়েই থাকতেন তিনি। ছেলেটিই ছিল তার পৃথিবী। আজ সেই পৃথিবী যেন স্তব্ধ হয়ে গেল।

নিহত শাহেদের মা কামরুজ্জাহান বলেন, ও বাপ, আমারে কেন বাঁচাইতে গেলি রে বাপ। এমন পাষণ্ড কেউ কি আর পৃথিবীতে আছে, নিজের ছেলেরে কেউ খুন করতে পারে?
এদিকে শাহেদের স্বজনদের সঙ্গে কথা বলে জানা যায়, শাহেদের বাবা নুরুজ্জামান ১৫ বছর ধরে সৌদি আরবে বসবাস করেন চাকরির সূত্রে। তার স্ত্রী কামরুজ্জাহান দুই মেয়ে আর ছেলেকে নিয়ে চট্টগ্রাম নগরে থাকতেন। এর মধ্যে দুই মেয়ের বিয়ে হয়েছে। গত ১১ আগস্ট ছোট মেয়ের বিয়ে হয়। সে বিয়ের অনুষ্ঠানে বন্ধুর স্ত্রী পরিচয়ে নুরুজ্জামান সিলেটের এক নারীকে মিরসরাইয়ের বাড়িতে নিয়ে আসেন। এ নিয়ে তখনো অশান্তি হয়েছে।

সর্বশেষ গত মঙ্গলবার ওই নারীকে বিয়ে করে দ্বিতীয় স্ত্রী হিসেবে ঘরে তোলেন তিনি। বিষয়টি জানতে পেরে ছেলে-মেয়ে ও বোনদের নিয়ে মিরসরাইয়ে আসেন কামরুজ্জাহান। এর আগে নানাভাবে জীবননাশের হুমকি পেয়ে বুধবার বিকেলে মিরসরাই থানায় একটি সাধারণ ডায়েরিও করেন তারা। বাড়িতে যাওয়ার পর সন্ধ্যা সাতটায় স্বামী নুরুজ্জামানের সঙ্গে তার কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে স্বামী ছুরি নিয়ে তাড়া করলে শাহেদ এগিয়ে আসেন মাকে বাঁচাতে। আর তখন ক্ষুব্ধ বাবা ছেলের বুকে ছুরিকাঘাত করে বসেন।

শাহেদের খালা নুরজাহান বেগম বলেন, ‘মো. নুরুজ্জামান মঙ্গলবার দ্বিতীয় বিয়ে করে বাড়িতে বউ নিয়ে আসেন। বিষয়টি জানতে পেরে বুধবার বিকেলে এলাকায় গণ্যমান্য ব্যক্তিবর্গকে নিয়ে ওই বাড়িতে যাই। ওইখানে যাওয়ার পরপর নুরুজ্জামান আমার বোন কামরুজ্জাহানের মাথার চুলের মুঠি ধরে ফেলে। তখন সাহেদ মাকে বাঁচাতে গেলে তার বুকে ছুরি দিয়ে আঘাত করে মো. নুরুজ্জামান।’

শাহেদের চাচাতো ভাই ইমাম হোসেন বলেন,  শান্তশিষ্ট ছেলেটা কত কষ্টই না পেল। এ কথা বলতে বলতে চোখ মোছেন তিনি।

মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. আর্যরাজ দত্ত বলেন, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। বুকে ছুরিকাঘাত ও অতিরিক্ত রক্তক্ষরণে মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছি।

এদিকে শাহেদ হত্যা মামলার তদন্তের দায়িত্বে আছেন মিরসরাই থানার উপপরিদর্শক (এসআই) জাহিদুল ইসলাম। তিনি বলেন, ‘মিরসরাইয়ে বাবার ছুরিকাঘাতে ছেলে শাহেদ হত্যার ঘটনায় বুধবার রাতে তার মা কামরুজ্জাহান বাদী হয়ে শাহেদের বাবা নুরুজ্জাহান ও তার দ্বিতীয় স্ত্রীকে আসামি করে থানায় একটি হত্যা মামলা করেছেন। আমরা আসামিদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছি।’

খখ/মো মি

আগে“কোনো ফিলিস্তিন রাষ্ট্র হবে না, এই জায়গা আমাদের”-নেতানিয়াহু
পরেবন্দর থানার অভিযান: ডাকাতির প্রস্তুতির সময় ২ যুবক আটক