খাসখবর প্রতিবেদক, চট্টগ্রাম ডেস্ক: চট্টগ্রাম জেলার রাউজান থানার নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে পদায়ন করা হয়েছে কুমিল্লার ব্রাহ্মণপাড়া থানার ওসি সাজেদুল ইসলামকে।
গত ৩ ডিসেম্বর (মঙ্গলবার) লটারির মাধ্যমে ৫২৭ থানার অফিসার ইনচার্জদের বদলির আদেশের মাধ্যমে তাকে চট্টগ্রাম জেলার রাউজান থানায় পদায়ন করা হয়।
একই সাথে রাউজান থানার ওসি মনিরুল ইসলাম ভূইয়াকে কক্সবাজার জেলার রামু থানার অফিসার ইনচার্জ (ওসি) হিসাবে বদলি করা হয়েছে।
গত সোমবার (৮ ডিসেম্বর) ওসি সাজেদুল ইসলাম চট্টগ্রাম জেলার রাউজান থানায় যোগদান করে দায়িত্বভার গ্রহণ করেন।
জুলাই বিপ্লবের পর গত বছরের (২০২৪ সাল) সেপ্টেম্বর মাসে চট্টগ্রাম জেলার গোয়েন্দা শাখা (ডিবি) অফিসার ইনচার্জ (ওসি) হিসাবে ইন্সপেক্টর সাজেদুল ইসলামকে পদায়ন করা হয়। একটানা প্রায় ১ বছরের মতো সময় তিনি চট্টগ্রাম জেলার গোয়েন্দা শাখায় সুনামের সাথে এবং সফলভাবে ওসি হিসাবে দায়িত্ব পালন করেন। চলতি বছরের ৩০ সেপ্টেম্বর কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া থানার ওসি হিসাবে তাকে পদায়ন করা হয়।

চট্টগ্রাম জেলার গোয়েন্দা শাখা (ডিবি) ও কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া থানার ওসি হিসাবে দায়িত্ব পালনকালে সাজেদুল ইসলাম এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখাসহ সাফল্যজনক কর্মকাণ্ডের জন্য কুমিল্লা জেলার ‘শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ’ নির্বাচিত হন।
তৎকালীন চট্টগ্রাম ও কুমিল্লা জেলা পুলিশ সুপারের সার্বিক দিকনির্দেশনায় চট্টগ্রামের গোয়েন্দা শাখা ও কুমিল্লার ব্রাহ্মণ পাড়া থানা এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, বিশেষ অভিযান পরিচালনা করে চোর-ডাকাত, অস্ত্রধারী-সন্ত্রাসী গ্রেফতার, মাদক ব্যবসায়ী, চুরি, ডাকাতি, চাঁদাবাজি, দস্যূতাসহ নিয়মিত মামলার আসামী, পরোয়ানাভুক্ত আসামী গ্রেফতার, মাদক উদ্ধারসহ নানাবিধ কার্যক্রমের জন্য উত্তম কাজের স্বীকৃতিস্বরুপ ওসি সাজেদুল ইসলাম একাধিকবার পুরস্কৃত হন।
ব্রাহ্মণবাড়িয়া জেলার কৃতি সন্তান রাউজান থানার নতুন ওসি সাজেদুল ইসলাম পুলিশ বাহিনীতে যোগদানের পর থেকে চট্টগ্রাম রেঞ্জের ফেনী, চট্টগ্রাম ও কুমিল্লা জেলাসহ পুলিশ বিভাগের বিভিন্ন ইউনিটে একজন দক্ষ পুলিশ কর্মকর্তা হিসাবে সুনামের সাথে দায়িত্ব পালন করেন। ইতিপূর্বে তিনি ফেনী জেলার সোনাগাজী থানার অফিসার ইনচার্জ (ওসি) হিসাবে দায়িত্ব পালন করেন।
নতুন ওসি সাজেদুল ইসলাম রাউজান থানার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য এলাকাবাসীর সার্বিক সহযোগিতা কামনা করেছেন।
খখ/মো মি


