নির্বাচন থেকে ছিটকে গেলেন চট্টগ্রাম-৯ আসনের জামায়াত প্রার্থী ফজলুল হক

আইনি লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা এ জামায়াত প্রার্থীর
Oplus_131072
thai foods

খাসখবর চট্টগ্রাম ডেস্ক: দ্বৈত নাগরিকত্বের কারণে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারছেন না চট্টগ্রাম-৯ (কোতোয়ালী-বাকলিয়া) আসনের জামায়াতের প্রার্থী এ কে এম ফজলুল হক। 

thai foods

সোমবার (১২ জানুয়ারি) প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত  ফজলুল হকের আপিল শুনানি শেষে তার আবেদন নামঞ্জুর করা হয়।

তবে, নির্বাচন কমিশনের পক্ষপাতমূলক আচরণের অভিযোগ তুলে আইনি লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন চট্টগ্রাম-৯ (কোতোয়ালী-বাকলিয়া) আসনের জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী ডা. এ কে এম ফজলুল হক।

জানা যায়, চট্টগ্রাম-৯ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ডা. এ কে এম ফজলুল হকের মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে করা আপিল নামঞ্জুর করেছে নির্বাচন কমিশন। রিটার্নিং কর্মকর্তার দেওয়া বাতিলাদেশের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল করা হলেও সোমবার শুনানি শেষে তা খারিজ করা হয়।

এ বিষয়ে ডা. ফজলুল হকের আইনজীবী বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সিনিয়র অ্যাডভোকেট ব্যারিস্টার মুহাম্মদ বেলায়েত হোসেন বলেন, ‘আপিলটি যথাযথ নিয়মে দায়ের করা হয়েছিল এবং এতে সংবিধান ও গণপ্রতিনিধিত্ব আদেশের (আরপিও) আলোকে বিস্তারিত আইনি ও সাংবিধানিক যুক্তি উপস্থাপন করা হয়। তবে এসব যুক্তি উপেক্ষা করে নির্বাচন কমিশন আপিল নামঞ্জুর করেছে।’

তিনি আরও বলেন, ‘আমরা প্রত্যাশা করেছিলাম নির্বাচন কমিশন রিটার্নিং কর্মকর্তার আদেশ বাতিল করে আমাদের ক্লায়েন্টের প্রার্থিতা বহাল রাখবে। কারণ ওই আদেশ সংবিধান ও আরপিওর সংশ্লিষ্ট বিধানের ভুল ব্যাখ্যার ওপর ভিত্তি করে দেওয়া হয়েছে। একই সঙ্গে এই সিদ্ধান্ত বৈষম্যমূলক। বিভিন্ন রাজনৈতিক দলের একাধিক প্রার্থী বিদেশি নাগরিকত্ব পরিত্যাগের আবেদন করেই মনোনয়নপত্র জমা দিয়েছেন, অথচ তাঁদের মনোনয়ন বাতিল হয়নি।’

ন্যায়বিচার ও সমান আচরণ নিশ্চিতের আশাবাদ ব্যক্ত করে ব্যারিস্টার বেলায়েত হোসেন আরও বলেন, ‘নির্বাচন কমিশন একটি স্বাধীন সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে এ প্রার্থীর ক্ষেত্রেও ন্যায়বিচার ও সমান আচরণ নিশ্চিত করবে বলে আমরা আশা করেছিলাম। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে কমিশন সংবিধান ও আইনের বিধানগুলোর কেবল আক্ষরিক ব্যাখ্যার মধ্যেই সীমাবদ্ধ থেকেছে।’

হাইকোর্টে রিট পিটিশন দায়েরের তথ্য নিশ্চিত করে তিনি বলেন, ‘নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তের বিরুদ্ধে বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে রিট পিটিশন দায়ের করা হবে। এ সময় সবাইকে ধৈর্য ধরে শান্তিপূর্ণভাবে কার্যক্রম চালিয়ে যাওয়ার আহ্বান জানাচ্ছি।’

প্রসঙ্গত, ৪ জানুয়ারি রিটার্নিং কর্মকর্তা ও চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. জিয়াউদ্দীন দ্বৈত নাগরিকত্বের কারণে ফজলুল হকের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন।

ফজলুল হক রিটার্নিং কর্মকর্তার কাছে জমা দেয়া হলফনামায় উল্লেখ করেন, তিনি যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ত্যাগ করেছেন। তিনি বলেন, ২৮ ডিসেম্বর যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ত্যাগ করেছেন। তবে মনোনয়নপত্র বাছাইয়ের সময় রিটার্নিং কর্মকর্তার কার্যালয় জানিয়েছে, এই হলফনামার সঙ্গে কোনো সমর্থনকারী নথি প্রদান করা হয়নি।

মনোনয়নপত্র বাছাইয়ের রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচনী কমিশনে মোট ৬৪৫টি আপিল জমা পড়েছে। শনিবার থেকে শুরু হওয়া শুনানি চলবে ১৮ জানুয়ারি পর্যন্ত।

খখ/মো মি

আগেচট্টগ্রামের ফটিকছড়িতে জামায়াত কমী জামাল হত্যার ঘটনায় আটক ৭, অস্ত্র উদ্ধার
পরেজাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান: ‘রোদেলা বিকেল’কে ৫০ হাজার, ‘তাসফিয়া গার্ডেন’কে ৬০ হাজার, ‘রয়েল হাট’কে ২০ হাজার ও ‘সাব-জিরো’কে ১৫ হাজার টাকা জরিমানা