খাসখবর চট্টগ্রাম ডেস্ক: চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় দুর্বৃত্তদের গুলিতে নিহত জামায়াত কমী মুহাম্মদ জামাল হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত সন্দেহে নিষিদ্ধ সংগঠনের এককর্মীসহ সাতজনকে আটক করেছে পুলিশ।
অভিযানকালে তাদের কাছ থেকে একনালা বন্দুক, তিন রাউন্ড কার্তুজ এবং ধারালো অস্ত্র—৩টি ছোরা, ৩টি দা, ২টি চাকু উদ্ধার করা হয়।
রবিবার (১১ জানুয়ারি) মধ্যরাতে উপজেলার লেলাংসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক ও উক্ত মালামাল উদ্ধার করা হয়।
এর আগে রাতে নিহত জামালের স্ত্রী বাদী হয়ে ফটিকছড়ি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় তিনি সুনির্দিষ্ট ও অজ্ঞাত আসামি উল্লেখ করেন।
অভিযানে জাফাত নগর ইউনিয়ন থেকে মো. রফিক (৬৪), ধর্মপুর ইউনিয়নের মো. নিজাম উদ্দিন (৩৪), হাটহাজারী পৌরসভার মো. আরাকাত (২১), ভূজপুর ইউনিয়নের মো. মুরাদ (২৪), নাজিরহাট পৌরসভার হোসাইন (২০), হাটহাজারীর মো. মানিক (২৬) ও ফরহাদাবাদের মো. আমান উল্লাহকে (২৫) গ্রেপ্তার করা হয়।
ফটিকছড়ি থানার ওসি (তদন্ত) মোহাম্মদ রফিকুল ইসলাম জানান, গ্রেপ্তার হওয়া সাতজনের মধ্যে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের ১ জন সদস্য রয়েছে।
হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী তারেক আজিজ বলেন, নির্বাচন সামনে রেখে বিশেষ অভিযান অব্যাহত আছে। ফটিকছড়ির লেলাং ইউনিয়নে হত্যাকাণ্ডের পর অভিযান আরও জোরদার করা হয়।
একরাতে অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের সদস্যসহ মোট সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র ও দেশে তৈরি অস্ত্র উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হয়েছে।
এর আগে গত শনিবার রাত ৮টার দিকে উপজেলা লেলাং ইউনিয়নের শাহানগর গ্রামের দিঘিরপাড় এলাকায় দুর্বৃত্তদের গুলিতে জামায়াত কর্মী মুহাম্মদ জামাল ঘটনাস্থলে নিহত হন।
খখ/মো মি


