খাসখবর প্রতিবেদক, চট্টগ্রাম ডেস্ক: চট্টগ্রাম মহানগরীর খুলশী থানা পুলিশের বিশেষ অভিযানে দেশীয় তৈরি একনলা বন্দুক ও দুটি কার্তুজসহ ফরহাদ নামের এক সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়েছে।
শনিবার (৭ ফেব্রুয়ারি) রাত ১০টা ১০ মিনিটে ঝাউতলা বাজার সংলগ্ন রেল স্টেশনের পাশে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার যুবকের নাম মো. ফরহাদ (২৭)। তার বাড়ি কুমিল্লা জেলার চান্দিনা থানার মুরাদপুর এলাকায়। তিনি বর্তমানে সেগুন বাগান এলাকায় বসবাস করছেন।
এ বিষয়টি নিশ্চিত করেছেন খুলসি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাহেদুল ইসলাম।
ওসি বলেন, অস্ত্রসহ গ্রেফতার ফরহাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। ফরহাদ পূর্বেও একাধিক সন্ত্রাস বিরোধী আইনে ও মাদক মামলায় অভিযুক্ত। এই ঘটনায় তার বিরুদ্ধে খুলশী থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে খুলশী থানাধীন ঝাউতলা বাজার সংলগ্ন রেল স্টেশনের টিকেট কাউন্টারের দক্ষিণ পাশে জিন্নাতের ওয়ার্কসপের দোকানের সামনে পাকা রাস্তার উপর অভিযান চালিয়ে এসআই মো. লোকমান হোসেনের নেতৃত্বে ‘টিম খুলশী’
ফরহাদকে আটক করে। এ সময় তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে স্টীলের বাটযুক্ত দেশীয় তৈরী কালো রঙের একটি একনলা বন্দুক। যার বাটসহ আড়াআড়ি দৈর্ঘ্য ১৮ ইঞ্চি এবং ফায়ারিং পিন ট্রিগার হামার সংযুক্ত। এছাড়াও একটি লাল রঙের কার্তুজ এবং একটি সবুজ রঙের খালি কার্তুজ উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, অস্ত্রসহ গ্রেফতার হওয়া আসামি ফরহাদকে যথাযথ আইনি প্রক্রিয়া শেষে আদালতের সোপর্দ করা হয়েছে।
খখ/মো মি


