খাসখবর চট্টগ্রাম ডেস্ক: চট্টগ্রাম মহানগরীর পাঁচলাইশ থানার ফরেস্ট গেইট এলাকায় শেখ মো. আজাদ (৩০) নামে এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বুধবার (১ জুলাই) বিকেলে গুলিবিদ্ধ অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত আজাদ পাঁচলাইশ থানার হামজারবাগ এলাকার মওলানা আব্দুল হাকিম শাহ হুজুরের বাড়ির বাসিন্দা মো. রশীদের ছেলে। তিনি একটি অ্যালুমিনিয়াম কারখানায় শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন।
নিহতের ভাই মো. সাজ্জাদ অভিযোগ করেন, দুপুর ১টার দিকে কর্মস্থল থেকে বাসায় ফিরছিলেন আজাদ। দুপুর ১টা ৫০ মিনিটে পরিবারের সঙ্গে তার সর্বশেষ কথা হয়। তাকে স্থানীয় গুল্লি বাবু নামে এক ব্যক্তি কাজের কথা বলে তাকে ডেকে নিয়ে যান।
তিনি বলেন, পরে গুল্লি বাবুই ফোন করে জানান, আজাদকে সামারহিল এলাকায় গুলি করা হয়েছে এবং তাকে চট্টগ্রাম মেডিকেলে নেওয়া হচ্ছে। হাসপাতালে গিয়ে দেখি, আমার ভাইয়ের বুকে গুলি করে হত্যা করা হয়েছে। আমরা এ ঘটনায় মামলা করব এবং হত্যাকারীদের বিচার চাই।
নিহতের এক বন্ধু দাবি করেন, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। গুল্লি বাবু সন্ত্রাসী সাজ্জাদ গ্রুপের সঙ্গে যুক্ত এবং কৌশলে আজাদকে ডেকে নিয়ে গিয়ে খুব কাছ থেকে গুলি করা হয়েছে।
পাঁচলাইশ থানা পুলিশ জানায়, গুল্লি বাবু ও নিহত আজাদ সম্পর্কে মামা-ভাগিনা। ঘটনার সময় তারা হৃদয় নামে আরও এক ব্যক্তিকে নিয়ে একটি কক্ষে ছিলেন এবং সেখানে তারা ইয়াবা সেবনের জন্য গিয়েছিলেন। ঘটনাস্থলটি একটি কক্ষ হওয়ায় কোনো সিসিটিভি ফুটেজ পাওয়া যায়নি। কে বা কারা গুলি করেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।
চমেক হাসপাতাল সূত্র জানায়, বিকেল ৩টা ৫০ মিনিটের দিকে গুরুতর আহত অবস্থায় আজাদকে হাসপাতালে আনা হয়। পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়েছিল বলে চিকিৎসকরা জানান।
পুলিশ জানিয়েছে, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ঘটনার প্রকৃত কারণ ও জড়িতদের শনাক্তে তদন্ত চলছে এবং আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি রয়েছে।
খখ/মো মি


