খাসখবর বৃহত্তর চট্টগ্রাম ডেস্ক: কক্সবাজারের মাতামুহুরী উপজেলায় বসতভিটার চলাচলের রাস্তা নিয়ে বিরোধের জেরে ভাতিজার ছুরিকাঘাতে আহত মোহাম্মদ হাসেম (৩৮) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
তিনি উপজেলার পূর্ব বড় ভেওলা ইউনিয়নের নোয়াপাড়া এলাকার মৃত ইউসুফ আলীর ছেলে।
বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এর আগে গত সোমবার দুপুরে নোয়াপাড়া এলাকায় বসতভিটার চলাচলের রাস্তা নিয়ে দীর্ঘদিনের বিরোধকে কেন্দ্র করে মোহাম্মদ হাসেম ও তার বড় ভাইয়ের ছেলেদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের কয়েকজন আহত হন।
অভিযোগ রয়েছে, সংঘর্ষের একপর্যায়ে ভাতিজা মোহাম্মদ সোহেল ও মোহাম্মদ রাসেল চাচা হাসেমের ওপর হামলা চালান।
এ সময় তাদের একজন ধারালো অস্ত্র দিয়ে হাসেমের পেটে আঘাত করলে তিনি গুরুতর আহত হন। পরে তাকে প্রথমে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার দুপুরে তার মৃত্যু হয়।
মাতামুহুরী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোহাম্মদ মাসুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বসতভিটার চলাচলের রাস্তা নিয়ে বিরোধের জেরে চাচা-ভাতিজাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।
এতে আহত মোহাম্মদ হাসেম চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।
তিনি আরো বলেন, এ ঘটনায় অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
খখ/মো মি


