খাসখবর প্রতিবেদক, চট্টগ্রাম ডেস্ক: চট্টগ্রাম সদরঘাট নৌ থানা পুলিশ কর্ণফুলী নদীতে অভিযান চালিয়ে ১০ মন জাটকা ইলিশসহ ৫ জনকে গ্রেফতার করেছে। এসময় ১টি ফিশিং বোট ও বিপুল পরিমান অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে।
গতকাল শনিবার (১১ সেপ্টেম্বর) দিবাগত রাত আড়াইটার সময় সদরঘাট থানাধীন আড়ত ঘাটের পাশে অভিযান চালানো হয়।
এবিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম সদরঘাট নৌ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবদুর রব।
গ্রেপ্তারকৃত আসামী সুধীর জলদাস (৫৫), টিটু দাস (৩০), টুবল জলদাস, টিটু জলদাস, রবীন্দ্র জলদাস (৬০)।
নৌ পুলিশ জানায়, কর্ণফুলী নদীতে অবৈধ ভাবে জাটকা ইলিশ মাছ ধরার খবর পেয়ে সদরঘাট নৌ থানার ওসি মোহাম্মদ আবদুর রবের নেতৃত্ব একটি টিম সদরঘাট থানাধীন আড়ত ঘাটের পাশে একটি ফিশিং বোটে অভিযান চালায়।
এ সময় ফিশিং বোট থেকে ১০ মন জাটকা ইলিশ মাছ জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য ২ লাখ ৪০ হাজার টাকা। এছাড়াও
জাটকা ইলিশ মাছ ধরার কাজে ব্যবহত ১টি ফিশিং বোট ও ৬ লাখ টাকা মূল্যের কারেন্ট জাল জব্দ করা হয়েছে।
সদরঘাট নৌ থানার ওসি মোহাম্মদ আবদুর রব জানান, জাটকা ইলিশ মাছ ধরার সঙ্গে জড়িত গ্রেপ্তার ৫ জনকে আইনি প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়েছে। জাটকা বিরোধী এই অভিযান অব্যাহত থাকবে।
খখ/মো মি


