খাসখবর জাতীয় ডেস্ক : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
শনিবার (২৭ মার্চ) বেলা ১১টা ৩০ মিনিটে তিনি শ্রদ্ধা নিবেদন করেন। সমাধি সৌধ পরিদর্শনের পাশাপাশি সেখানে একটি বৃক্ষরোপণ করেন তিনি।
এর আগে ভারতের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর সমাধি সৌধ কমপ্লেক্সে পৌঁছালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফুল দিয়ে তাকে স্বাগত জানান। এসময় বঙ্গবন্ধুর ছোট মেয়ে শেখ রেহানাও সেখানে উপস্থিত ছিলেন।
জানা যায়, শনিবার (২৭ মার্চ) সকাল ৯টা ৫০ মিনিটে শ্যামনগর এ. সোবাহান মাধ্যমিক বিদ্যালয় মাঠে নবনির্মিত হ্যালিপ্যাডে বিমান বাহিনীর হেলিকপ্টারযোগে অবতরণ করেন মোদি।
সেখান থেকে সাতক্ষীরার শ্যামনগরের ঐতিহ্যবাহী যশোরেশ্বরী কালীমন্দিরে যান। সনাতন ধর্মাবলম্বীদের ৫১ পিটের একটি পিট হিসেবে জাগ্রত দেবীর এই তীর্থস্থান পরিদর্শনে আসেন তিনি।
সকাল সোয়া ১০টার দিকে কালীমন্দিরে পৌঁছানোর পর তাকে বরণ করে নেয়া হয়। সেখানে তিনি বিভিন্ন আচার-আচরণ পালন করেন। এরপর কালীদেবির চরণে পূজা শেষে অংশ নেন প্রার্থনায়।
এরপর সাড়ে ১১টার দিকে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন এবং সমাধি পরিদর্শন শেষে বঙ্গবন্ধু ভবনে একটি বকুল ফুলের চারা রোপণ করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
এরপর সেখান থেকে রওনা দেন কাশিয়ানীর ওড়াকান্দিতে। সেখানে তিনি হরিচাঁদ ঠাকুরের বাড়িতে শ্রী শ্রী হরিচাঁদ ও গুরুচাঁদ ঠাকুরের মন্দিরে পূজা-অর্চনা করবেন। পরে তিনি মতুয়া প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করবেন। এরপর আবার ঢাকায় ফিরে আসবেন।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন অনুষ্ঠানে যোগ দিতে দু’দিনের সফরে ঢাকায় অবস্থান করছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
খখ/প্রিন্স


