খাসখবর জাতীয় ডেস্কঃ পাইকারি পর্যায়ে বাড়ানো হয়নি বিদ্যুতের দাম। বহাল থাকবে আগের দাম। অনলাইনে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্তের কথা জানায় বিইআরসি।
বৃহস্পতিবার (১৩ অক্টোবর) বেলা ১২টার দিকে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেন বিইআরসির চেয়ারম্যান আব্দুল জলিল।
তিনি বলেন, ‘পাইকারি পর্যায়ে বিদ্যুতের দাম পূর্ণ নির্ধারণ করা হয়নি। আগের দামটিই অব্যাহত থাকবে।
সংবাদ সম্মেলনে বলা হয়েছে, সার্বিক পরিস্থিতি বিবেচনা করে বিদ্যুতের দাম না বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বিইআরসি। পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত বলবত থাকবে।
ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বিইআরসির চেয়ারম্যান আব্দুল জলিল, সদস্য মকবুল ই ইলাহি, সদস্য বজলুর রহমান, সদস্য আবু ফারুক, সদস্য মো. কামরুজ্জামান, সচিব খলিলুর রহমানসহ অন্যরা উপস্থিত ছিলেন।
এসময় বিইআরসির চেয়ারম্যান বলেন, পিডিবি গত ১২ জানুয়ারি বিদ্যুতের পাইকারি দাম পুনঃনির্ধারণের প্রস্তাব জমা দেয়। এরপর ১৮ মে তাদের প্রস্তাবের ওপর গণশুনানি করা হয়েছে। ৯০ কার্যদিবসের মধ্যে সিদ্ধান্ত জানানোর কথা ছিল। আমরা অনেকবার বসে এ বিষয়ে বিচার-বিশ্লেষণ করেছি। তাই আজ শেষদিনে এ ঘোষণা দেওয়া হয়েছে।
এর আগে, গত ১৮ মে পিডিবির বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাবের ওপর গণশুনানি করে কমিশন। নিয়ম অনুযায়ী গণশুনানির পর ৯০ কার্যদিবসের মধ্যে সিদ্ধান্ত নেওয়ার নিয়ম রয়েছে। গণশুনানির ৯০ কার্যদিবসের সময়সীমা শেষ হবে আগামী ১৪ অক্টোবর। তাই আজ বৃহস্পতিবার এ ঘোষণা দেওয়া হয়।
বিইআরসি সর্বশেষ ২০২০ সালের ফেব্রুয়ারিতে বিদ্যুতের পাইকারি দর প্রতি ইউনিটে ৫.১৭ টাকা করে। বিদ্যুতের একক পাইকারি বিক্রেতা বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি)। সংস্থাটি নিজেরা বিদ্যুৎ উৎপাদনের পাশাপাশি বিদেশ থেকে আমদানি করছে এবং বেসরকারি মালিকানাধীন বিদ্যুৎ কেন্দ্র থেকেও বিদ্যুৎ কিনছে।
বিদ্যুৎ বিভাগ সূত্রে জানা যায়, দেশে গত ১২ বছরে ৯ বার বিদ্যুতের দাম বেড়েছে। এ সময়ে পাইকারি পর্যায়ে ১১৮ শতাংশ ও গ্রাহক পর্যায়ে ৯০ শতাংশ দাম বাড়ানো হয়েছে। সর্বশেষ ২০২০ সালের ফেব্রুয়ারিতে দাম বাড়ানো হয়।
দেশে বিদ্যুতের একক পাইকারি বিক্রেতা বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি)। বিপিডিবির কাছ থেকে বিদ্যুৎ কিনে গ্রাহক বা খুচরা পর্যায়ে বিতরণ করে দেশের পাঁচটি কোম্পানি। এগুলো হলো ডেসকো, ডিপিডিসি, আরইবি, নেসকো ও ওজোপাডিকো। বিপিডিবিও পাইকারি বিদ্যুৎ বিক্রির পাশাপাশি দেশের কিছু এলাকায় সরাসরি বিদ্যুৎ সরবরাহ করছে।
খখ/মো মি


