খাসখবর নির্বাচন ডেস্কঃ বিএনপির সংসদ সদস্যদের পদত্যাগে শূন্য হওয়া ৬ সংসদীয় আসনের মধ্যে ৩টিতে প্রার্থী ঘোষণা করেছে আওয়ামী লীগ।
দুটি আসন ১৪ দলীয় শরিক দল ওয়ার্কার্স পার্টি ও জাসদকে (ইনু) ছেড়ে দিয়েছে ক্ষমতাসীন দলটি। আর বাকি আসন উন্মুক্ত থাকবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
রোববার (১ জানুয়ারি) রাতে আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভায় এ সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন তিনি।
বৈঠক শেষে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানান, ঠাকুরগাঁও-৩ আসনে ১৪ দলীয় জোটের ওয়ার্কার্স পার্টি, বগুড়া-৪ আসনে ১৪ দলীয় জোটের শরিক জাসদকে (ইনু) ছেড়ে দেওয়া হয়েছে। তারা সেখানে প্রার্থী মনোনয়ন দেবে।
ওবায়দুল কাদের বলেন, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনেও আমরা কোনো প্রার্থী দিচ্ছি না। এ আসনটি উন্মুক্ত রাখা হয়েছে।
যে তিনটি আসনে আওয়ামী লীগের প্রার্থী দেওয়া হয়েছে সেগুলো হলো : বগুড়া- ৬ আসনে রাগেবুল আহসান রিপু, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে মু. জিয়াউর রহমান এবং চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে আব্দুল ওদুদ।
খখ/মো মি


