চন্ডিকা হাথুরুসিংহে বাংলাদেশ দলের প্রধান কোচ!

thai foods

খাসখবর খেলা ডেস্কঃ গত কয়েকদিন ধরে চলা গুঞ্জন অবশেষে সত্যি হলো। বাংলাদেশ দলের প্রধান কোচ হিসেবে আবারও দায়িত্ব পেলেন শ্রীলঙ্কার চন্ডিকা হাথুরুসিংহে। দুই বছরের চুক্তিতে ফেব্রুয়ারি থেকেই টাইগারদের দায়িত্ব নেবেন হাথুরুসিংহে।

thai foods

এর আগে ২০১৪ থেকে ২০১৭ সাল পর্যন্ত প্রায় তিন বছরেরও বেশি সময় বাংলাদেশের দায়িত্বে ছিলেন হাথুরুসিংহে। তার অধীনে বড় বড় সাফল্য পেলেও তার বিদায়টা হয়েছিলো বিতর্কিতভাবেই। নিজের একগুয়েমির কারণে সমালোচনার শিকার হয়েছিলেন সকল মহল থেকেই। পাঁচ বছর পর আবারে সেই ‘কড়া হেডমাস্টার’ই ফিরছেন সাকিব তামিমদের কোচ হয়ে।

হাথুরুসিংহকে পুনরায় টাইগারদের কোচ হিসেবে নিয়োগ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

মঙ্গলবার (৩১ জানুয়ারি) পাওন জানান, ‘আমরা হাথুরুসিংহকে ৩ ফরম্যাটের কোচ হিসেবে নিয়োগ দিয়েছি। অন্তত ২ বছর সে জাতীয় দলের সঙ্গে কাজ করবে। আমরা একজন সহকারী কোচও নিয়োগ দিব, এই তালিকায় ৫ জন আছে। এই উপমহাদেশেরই আছে ৩ জন। তারা ২৫ তারিখের মাঝে দেশে এসে সাক্ষাৎকার দিবে।’

এর আগে গত টি-টোয়েন্টি বিশ্বকাপের সময় বাংলাদেশ দলের টেকনিক্যাল কন্সালট্যান্ট হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিলো শ্রীধরণ শ্রীরামকে। টি-টোয়েন্টিতে তাকেই কোচ হিসেবে নিয়োগ দেওয়া হবে গুঞ্জন শোনা গিয়েছিলো। তবে সেই গুঞ্জন ডালপালা মেলার আগেই তিন ফরম্যাটের জন্যই হাথুরুসিংহকে প্রধান কোচ হিসেবে নিয়োগ দিলো বিসিবি।

এর আগে, মঙ্গলবার নিউ সাউথ ওয়েলসের সহকারী কোচের পদ ছাড়েন হাথুরুসিংহে। এরপরই তাকে কোচ হিসেবে নিয়োগ দেওয়ার চূড়ান্ত ঘোষণা দেয় বিসিবি।

২০১৭ সালে বাংলাদেশ দলের দক্ষিণ আফ্রিকা সফর থেকে তিনি পদত্যাগপত্র পাঠিয়ে দেন। মূলত, নিজের দেশ শ্রীলঙ্কা জাতীয় দলের কোচের দায়িত্ব নিতে এই সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। যদিও বিপুল অংকের পারিশ্রমিকও একটা বড় কারণ ছিল।

শ্রীলঙ্কার কোচ হিসেবে হাথুরুসিংহের সময়টা মোটেও সুখকর হয়নি। কিছুদিনের মধ্যেই তাঁর মোটা অংকের বেতন নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেন দেশের ক্রীড়ামন্ত্রী। বোর্ডের কর্মকর্তা ও খেলোয়াড়দের সঙ্গে খিটিমিটি লেগেই ছিল। শেষ পর্যন্ত অনেক নাটকের পর তাঁকে বরখাস্ত করে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড।

বাংলাদেশের কোচ হিসেবেও প্রথম মেয়াদে বিতর্কে জড়িয়েছেন হাথুরুসিংহে। তবে বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে স্মরণীয় কিছু সাফল্য এসেছে তাঁর সময়েই। ২০১৫ সালে পাকিস্তান, ভারত ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টানা তিন ওয়ানডে সিরিজ জয়, সে বছরই বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ওঠা ছাড়াও ২০১৭ চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনালে খেলেছিল বাংলাদেশ তাঁর অধীনে।

হাথুরুসিংহের সময় টেস্ট ক্রিকেটেও বলার মতো কিছু সাফল্য পেয়েছে বাংলাদেশ। মিরপুরে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয় এবং কলম্বোয় বাংলাদেশের শততম টেস্টে শ্রীলঙ্কাকে হারিয়েছিল।

খখ/মো মি

আগে“ব্রাহ্মণবাড়িয়ার স্বতন্ত্র প্রার্থী আবু আসিফ স্বেচ্ছায় আত্মগোপনে”-নির্বাচন কমিশনার
পরেবিদ্যুতের দাম বাড়ল পাইকারি ও খুচরা পর্যায়ে