খাসখবর শিক্ষা ডেস্ক: আগামী ১৭ আগস্ট থেকে শুরু হচ্ছে;চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা। ২০২৩ সালের এইচএসসি পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে।
সারা দেশে ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে আগামী ১৭ আগস্ট থেকে তত্ত্বীয় পরীক্ষা শুরু হয়ে শেষ হবে ২৫ সেপ্টেম্বর। আর ২৬ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার (৮ জুন) ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মো. আবুল বাশার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলা প্রথম পত্রের মধ্যদিয়ে এবারের পরীক্ষা শুরু হচ্ছে। চলবে আগামী ২৫ সেপ্টেম্বর পর্যন্ত।
৯টি সাধারণ শিক্ষা বোর্ড ঢাকা, রাজশাহী, যশোর, কুমিল্লা, চট্টগ্রাম, বরিশাল, সিলেট, দিনাজপুর ও ময়মনসিংহ শিক্ষা বোর্ডের অধীনে প্রথম দিন বাংলা (আবশ্যিক) প্রথমপত্র পরীক্ষা অনুষ্ঠিত হবে।
সময়সূচি অনুযায়ী প্রতিদিন সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত এবং বেলা ২টা থেকে ৫টা পর্যন্ত পরীক্ষা চলবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে অবশ্যই পরীক্ষার্থীদেরকে পরীক্ষা কক্ষে আসন গ্রহণ করতে হবে। প্রথমে বহুনির্বাচনী ও পরে সৃজনশীল/রচনামূলক (তত্ত্বীয়) পরীক্ষা অনুষ্ঠিত হবে। ৩০ নম্বরের বহুনির্বাচনি (MCQ) পরীক্ষার ক্ষেত্রে সময় ৩০ মিনিট এবং ৭০ নম্বরের সৃজনশীল (CQ) পরীক্ষার ক্ষেত্রে সময় ২ ঘণ্টা ৩০ মিনিট।
খখ/মো মি


