খাসখবর জাতীয় ডেস্ক: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে মরণোত্তর ‘ডক্টর অব লজ’ ডিগ্রি দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)। বঙ্গবন্ধুর পক্ষে ডিগ্রি গ্রহণ করেন তার জ্যেষ্ঠ কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রোববার (২৯ অক্টোবর) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে আয়োজিত বিশেষ সমাবর্তন অনুষ্ঠানে উপাচার্য ড. মো. আখতারুজ্জামান এই ডিগ্রি দেন।
রোববার (২৯ অক্টোবর) সকাল ১০টা ৫৮ মিনিটে তিনি সমাবর্তনস্থলে পৌঁছান। এসময় উপস্থিত অতিথিরা প্রধানমন্ত্রীকে করতালির মাধ্যমে বরণ করে নেন।
সমাবর্তন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক এ এস এম মাকসুদ কামাল, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মুহাম্মদ সামাদসহ বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা, কর্মচারী, শিক্ষক ও শিক্ষার্থীরা।
ঢাকা বিশ্ববিদ্যালয় আদেশ ১৯৭৩ আর্টিকেল ১০(১) অনুযায়ী এবং মহামান্য রাষ্ট্রপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের অনুমতিক্রমে সমাবর্তনে সভাপতিত্ব করবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।
এ বিশেষ সমাবতর্নে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান শিক্ষার্থী, শিক্ষক, অ্যালামনাই, রেজিস্টার্ড গ্র্যাজুয়েট এবং অতিথিসহ প্রায় ১৮ হাজার ব্যক্তি অংশগ্রহণ করবেন। অতিথিদের মধ্যে থাকবেন বঙ্গবন্ধু পরিবারের সদস্য, মন্ত্রী ও সংসদ সদস্য, ঢাকাস্থ বিদেশি দূতাবাস ও হাইকমিশনের রাষ্ট্রদূত, হাইকমিশনার, চার্জ দ্য অ্যাফেয়ার্স, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, সিনেট, সিন্ডিকেট ও একাডেমিক কাউন্সিলের সদস্য, সামরিক ও বেসামরিক কর্মকর্তা এবং সুধীজন।
খখ/মো মি


