“নির্ধারিত সময়ের মধ্যে অবশ্যই নির্বাচন অনুষ্ঠিত হবে”-সিইসি

thai foods

খাসখবর নির্বাচন ডেস্ক: নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন অনুষ্ঠানে দৃঢ় অবস্থানের কথা জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, ‘আমি স্পষ্ট করে বলতে চাই, নির্ধারিত পদ্ধতির মধ্যে এবং নির্ধারিত সময়ের মধ্যে অবশ্যই নির্বাচন অনুষ্ঠিত হবে। আমরা সেই ব্যাপারে দৃঢ়ভাবে অবস্থানে আছি।’

thai foods

মঙ্গলবার (৩১ অক্টোবর) নির্বাচন ভবনে ঢাকাস্থ মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস-এর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন। এর আগে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সিইসি কাজী হাবিবুল আউয়াল সকাল সাড়ে ১০টা থেকে সোয়া এক ঘণ্টার মতো মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক করেন।

সিইসি বলেন, ‘পরিবেশ প্রতিকূল হলে নির্বাচন করা হবে না, এই ধরনের কোনও ভুল বোঝাবোঝি যেন জনগণের মধ্যে না থাকে। আমি স্পষ্ট করে বলতে চাই, নির্বাচন নির্ধারিত পদ্ধতির মধ্যে এবং সময়ে মধ্যে অবশ্যই অনুষ্ঠিত হবে। আমরা সেই ব্যাপারে দৃঢ়ভাবে অবস্থানে আছি।’

বৈঠকে আলোচনার বিষয়বস্তু তুলে ধরে সিইসি বলেন, ‘পিটার হাস নির্বাচনি পরিবেশ কেমন সেটা জানতে চেয়েছেন। আমাদের পক্ষ থেকে আমরা স্পষ্ট করে বলেছি—আমাদের হাতে কোনও অপশন নেই। নির্বাচন কমিশনকে সাংবিধানিক বাধ্যবাধকতা অনুযায়ী, নির্ধারিত সময়ে নির্বাচন করতে হবে। রাজনৈতিক দলগুলোর বিভিন্ন অপশন থাকে। তারা নির্বাচনে অংশগ্রহণ করতেও পারে, আবার নাও করতে পারে। তারা এককভাবে ৩০০ আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে, আবার জোট করেও নির্বাচন করতে পারে। রাজনৈতিক দলগুলোর জন্য বিভিন্ন ধরনের অপশন আছে, কিন্তু নির্বাচন কমিশনের সেই ধরনের কোনও অপশন নেই।’

কাজী হাবিবুল আউয়াল বলেন, ‘আমরা দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছি নির্বাচন অনুষ্ঠানের জন্য। অনেক সময় নির্বাচনের অনুকূল, প্রতিকূল পরিবেশ নিয়ে কথা ওঠে। এগুলো খুব অর্থবহ। নির্বাচনের জন্য অনুকূল হোক বা প্রতিকূল হোক, আমাদের প্রত্যাশা হলো যতো বেশি অনুকূল পরিবেশ থাকবে, আমরা শেষ পর্যন্ত প্রত্যাশা করি, বেশিরভাগ রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করে পরিবেশ অনুকূল করে তুলবে।’

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘পিটার হাস বিশ্বাস করেন, সংলাপের মাধ্যমে রাজনৈতিক সমাধান হবে। এই কথাটা আমরাও বলে এসেছি এবং বিশ্বাস করি। রাস্তায় শক্তি প্রদর্শনের মাধ্যমে সমাধান হবে বলে আমরা মনে করি না। পিটারও তাই বলেছেন। তিনিও বলেছেন—রাজনৈতিক দলগুলোকে এক টেবিলে বসে চা চক্রের মাধ্যমে এই সমস্যার সমাধান হবে।’

খখ/মো মি

আগেচট্টগ্রামের ইপিজেডে যাত্রী সেজে বাসে আগুন দিল দুর্বৃত্তরা
পরেআলু প্রতি কেজি সর্বোচ্চ ২৭ টাকা দরে বিক্রির নির্দেশ