খাসখবর পার্বত্য চট্টগ্রাম ডেস্ক: পার্বত্য জেলা রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানের ৮ থানার অফিসার ইনচার্জ (ওসি) পদে রদবদল করা হয়েছে।
তিন পার্বত্য জেলার আট থানার অফিসার ইনচার্জকে (ওসি) একযোগে বদলি করেছে পুলিশ সদর দপ্তর।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ‘সুষ্ঠু’ ও ‘নিরপেক্ষ’ করার লক্ষ্যে প্রথম ধাপে একযোগে দেশের ৩৩৮ থানার অফিসার ইনচার্জ (ওসি) পদে রদবদল হয়েছে। এই তালিকায় রাঙামাটির জেলার আট থানার ওসিকে বদলি করা হয়েছে এবং নতুন আট ওসিকে পদায়ন করা হয়েছে।
রাঙামাটির আট থানার ওসি’র মধ্যে ছয়জনকে খাগড়াছড়ি এবং দুইজনকে বান্দরবানে বদলি করা হয়। আবার খাগড়াছড়ির ছয় থানার ওসি এবং বান্দরবানের দুই থানার ওসিকে রাঙামাটিতে পদায়ন করা হয়। এই আদেশে খাগড়াছড়ি ও বান্দরবানের আট থানার সঙ্গে রাঙামাটির আট থানার ওসিকে রদবদল করা হলো।
বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) রাতে পুলিশের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ জহিরুল ইসলামের সই করা এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে।
বদলি আদেশে উল্লেখ করা হয়, রাঙামাটি কোতয়ালী থানার বর্তমান ওসি মোহাম্মদ আরিফুল আমিনকে পাশের জেলা খাগড়াছড়ির গুইমারা থানায় বদলি করা হয়। রাঙামাটি কোতোয়ালী থানায় নতুন ওসি হিসেবে যোগ দেবেন খাগড়াছড়ির দীঘিনালা থানা থেকে বদলি হওয়া ওসি মোহাম্মদ আলী।
কাউখালী থানার বর্তমান ওসি পারভেজ আলীকে বান্দরবানের রোয়াংছড়ি থানায় বদলি করা হয়েছে। কাউখালী থানায় নতুন ওসি হিসেবে যোগ দেবেন খাগড়াছড়ির গুইমারা থানার ওসি রাজীব চন্দ্র কর।
কাপ্তাই থানার ওসি জসিম উদ্দিনকে বদলি করা হয়েছে বান্দরবানের থানচি থানায়। কাপ্তাই থানায় নতুন ওসি হিসেবে যোগ দেবেন রোয়াংছড়ি থানা থেকে বদলি হয়ে আসা মো. আবুল কালাম।
রাজস্থলী থানার ওসি মো. জাকির হোসাইনকে খাগড়াছড়ির লক্ষীছড়ি থানায় বদলি করা হয়েছে। রাজস্থলীতে নতুন ওসি হিসাবে দায়িত্ব নিচ্ছেন বান্দরবানের থানচি থানার ওসি ইকবাল হোসেন।
চন্দ্রঘোনা থানার ওসি মো. শফিউল আজমকে খাগড়াছড়ির পানছড়ি থানায় বদলি করা হয়েছে। চন্দ্রঘোনায় নতুন ওসি হিসেবে যোগ দেবেন খাগড়াছড়ির মানিকছড়ি থানার ওসি আনছারুল ইসলাম।
লংগদু থানার ওসি মো. ইকবাল উদ্দিনকে বদলি করা হয়েছে মানিকছড়ি থানায়। লংগদু থানার নতুন ওসির দায়িত্বে নিচ্ছেন পানছড়ির ওসি মো. হারুনুর রশিদ।
বরকল থানার ওসি নাসির উদ্দিনকে বদলি করা হয়েছে খাগড়াছড়ির মহালছড়ি থানায়। বরকলে নতুন ওসি হিসেবে যোগ দিচ্ছেন লক্ষীছড়ি থানার বদলি হওয়া ওসি মিনহাজ মাহমুদ ভূঁইয়া।
সাজেক থানার ওসি মোহাম্মদ নুরুল হককে বদলি করা হয়েছে খাগড়াছড়ির দীঘিনালা থানায়। সাজেক থানায় নতুন ওসি হিসেবে যোগ দেবেন খাগড়াছড়ির মহালছড়ি থানার ওসি আবুল হাসান খান।
দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনের নির্দেশনার পরিপ্রেক্ষিতে পার্বত্য জেলা রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানেরআট থানাসহ দেশের সর্বমোট ৩৩৮ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) একযোগে বদলি করেছে পুলিশ সদর দফতর।
খখ/মো মি


