খাসখবর রাজনীতি ডেস্ক: বিএনপির আগুন সন্ত্রাস ও চলমান নাশকতার প্রতিবাদ জানাতে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে বৈঠকে বসেছে আওয়ামী লীগের প্রতিনিধি দল।
আজ শনিবার সকালে আগারগাঁওয়ের নির্বাচন কমিশনে যায় ৬ সদস্যের এ দল।
প্রতিনিধি দলে ছিলেন দলের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, আইন সম্পাদক নজিবুল্লাহ হিরু, আন্তর্জাতিক সম্পাদক ড. শাম্মী আহমেদ, উপ দপ্তর সম্পাদক সায়েম খান প্রমুখ।
বৈঠক শেষে দলের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া সাংবাদিকদের বলেন, যারা ভোটাধিকার প্রয়োগ করতে কেন্দ্রে আসতে চান, তাদের ভয়-ভীতি দেখানোর জন্যই এ সন্ত্রাসী কর্মকাণ্ড হচ্ছে। তবে ককটেল বিস্ফোরণ, অগ্নিসংযোগসহ সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করে কাউকে বাধা দেওয়া যাবে না। কারণ ভোটাধিকার একজন নাগরিকের সাংবিধানিক অধিকার। তাদের (বিএনপি) এসব সন্ত্রাসী কর্মকাণ্ডের বিষয়ে অভিযোগ জানাতে আমারা ইসিতে এসেছিলাম।
তিনি আরও বলেন, দেশের জনগণের সাংবিধানিক চর্চায় বাধা দেওয়ার ক্ষমতা কারো নেই। আমরা এ বিষয়ে নির্বাচন কমিশনে অভিযোগ জানিয়েছি। দেশবাসীকে বলবো সব ষড়যন্ত্র-ভয় উপেক্ষা করে আগামীকাল গণতন্ত্রের উৎসব অংশ নিন। নির্বাচনকে কেন্দ্র করে যে উৎসবের পরিবেশ বিরাজ করবে, সেখানে সাধারণ জনগণ ভোটকেন্দ্রে আসবেন এবং তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
খখ/মো মি


