খাসখবর চট্টগ্রাম ডেস্ক: জাহাজ থেকে খালাসের সময় চুরি করা ১২০০ কেজি গমসহ একটি নৌকা আটক করেছে চট্টগ্রাম সদরঘাট নৌ থানা পুলিশ।
চট্টগ্রাম সদরঘাট নৌ থানা পুলিশ অভিযান চালিয়ে বঙ্গোপসাগর ও কর্ণফুলী নদীর মোহনা থেকে ১২০০ কেজি গমসহ নৌকাটি আটক করে।
এ বিষয়টি নিশ্চিত করেছেন সদরঘাট নৌ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. একরাম উল্লাহ।
ওসি মো. একরাম উল্লাহ জানান, চট্টগ্রাম বন্দরের বহির্নোঙ্গরে মাদার ভ্যাসেল থেকে আমদানি করা এসব গম খালাসের সময় চুরি করে, পরস্পরের যোগসাজশে নৌকায় তোলা হয়েছিল। পরে এসব গম খোলা বাজারে বিক্রির পরিকল্পনা ছিল চোরচক্রের। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (২১ জুন) রাত সাড়ে ৯ টার সময় কর্ণফুলী থানার বদলপুরে মেরিন একাডেমি ঘাটসংলগ্ন খালের মুখ থেকে গমসহ নৌকা জব্দ করা হয়।
ওসি আরও জানান, বন্দরের বর্হিনোঙ্গর থেকে গমবোঝাই ইঞ্জিনচালিত কাঠের নৌকাটি কর্ণফুলী নদীতে ফেরার সংবাদ পেয়ে নৌ পুলিশের একটি টিম নৌকাটিকে ধাওয়া করে। এ সময় নৌকাটি মেরিন একাডেমিসংলগ্ন একটি খালের মধ্যে রেখে দুজন বদলপুর গ্রামের ভেতর পালিয়ে যায়। পরে
নৌ পুলিশের সদস্যরা নৌকায় তল্লাশি করে ১২০০ কেজি গম জব্দ করে। মোট ৩০ বস্তায় প্রতিটিতে ৪০ কেজি করে গম ছিল। কেজিপ্রতি ৩৫ টাকা হিসেবে গমের দাম প্রায় ৪২ হাজার টাকা।
ওসি মো. একরাম উল্লাহ বলেন, চোরাই গমবোঝাই নৌকার মালিক কর্ণফুলী উপজেলার দক্ষিণ শাহ মীরপুর গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে মো. ইদ্রিস (২৫)। এব্যাপারে মো. ইদ্রিস এবং অজ্ঞাতনামা আরে একজনকে আসামি করে কর্ণফুলী থানায় মামলা দায়ের করা হয়েছে। কোন জাহাজ থেকে গমগুলো নৌকায় নেওয়া হয়েছে এবং এর সাথে কারা জড়িত, সেটা তদন্ত করা হচ্ছে।
খখ/মো মি


