“ভারতের সঙ্গে ভালো সম্পর্ক চাই, তবে দুপক্ষের স্বার্থের ভিত্তিতে”-পররাষ্ট্র উপদেষ্টা

thai foods

খাসখবর জাতীয় ডেস্ক: বাংলাদেশ-ভারতের বর্তমান পরিস্থিতি বিষয়ে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, ‘ভারতকে আমরা স্পষ্ট বার্তা দিয়েছি যে আমরা ভালো সম্পর্ক চাই, দুপক্ষেরই স্বার্থের ভিত্তিতে। আমরা সব দেশের সঙ্গেও সুসম্পর্ক চাই, সম্মানের ভিত্তিতে সমতার ভিত্তিতে। সেই লক্ষ্যেই সরকার কাজ করে যাচ্ছে।’

thai foods

আজ শনিবার (১৪ ডিসেম্বর) নরসিংদীর বেলাব উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলার সকল সরকারি কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, রাজনীতিবিদ, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে এক মতবিনিময় সভায় তৌহিদ হোসেন এ কথা বলেন।

তৌহিদ হোসেন বলেন, ‘সরকারের লক্ষ্য হচ্ছে চূড়ান্তভাবে একটি নিরপেক্ষ এবং সঠিক নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর করা। এটা নিয়ে সন্দেহের কোনো সুযোগ নেই। আমাদের প্রথম কাজ হচ্ছে, দেশে স্থিতিশীলতা ফিরিয়ে আনা। মৌলিক সংস্কার ও সেই সংস্কারের পথ থেকে যেন কোনো সরকার সরে যেতে না পারে, সে রাস্তা তৈরি করে দিয়ে আমরা নির্বাচনের আয়োজন করব। সংকটকালে দেশের দায়িত্ব আমাদের দেওয়া হয়েছে। আমরা দেশ পরিচালনা করব না, দেশ পরিচালনা করবে রাজনৈতিক দলের নেতারা, নির্বাচিত প্রতিনিধিরা।’

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘যারা স্বৈরাচারকে হটিয়ে বিজয় অর্জন করেছে, তাদের কিছু দাবিদাওয়া আছে। তারা সংস্কার চায়, সংস্কারের দায়িত্ব আমাদের ওপর দেওয়া হয়েছে। সব কিছু এক দিনে সংস্কার করা সম্ভব নয়, সংস্কার করতে সময় লাগবে, সময় আমাদের দিতে হবে। আমরা শুধু মৌলিক সংস্কারগুলো করব এবং রাস্তাও তৈরি করে দিয়ে যাব।’

রাজনৈতিক দলগুলোর প্রতি অনুরোধ জানিয়ে তৌহিদ হোসেন বলেন, আগামী ১০ বছর বা তার পর শিক্ষার্থীদের যেন পুনরায় রাস্তায় নামতে না হয়, জীবন দিতে না হয়, সে বিষয়ে রাজনৈতিক দলের নেতাদের কাজ করতে হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুল করিমের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন সেতু বিভাগের সাবেক সচিব মো. জাহিদ হোসেন, এম আর ডি আইর অ্যাডভাইজার মো. সাহিদ হোসেন, বাংলাদেশ জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিলের (বিইপিআরসি) চেয়ারম্যান (সিনিয়র সচিব) মোহাম্মদ ওয়াহিদ হোসেন, বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক এয়ার কমোডর মো. খালিদ হোসেন, সহকারী পুলিশ সুপার (রায়পুরা সার্কেল) আফসান আল আলম এবং সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ নাজমুল হোসেন।

খখ/মো মি

আগেহিউম্যান রাইটস্ ফাউন্ডেশনের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী ও সম্মেলন অনুষ্ঠিত
পরেচট্টগ্রামে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ (আইইবি)’র কমিটি নিয়ে বৈঠকে বসতেই তিন সদস্যকে মারধর, কার্যালয়ে না যেতে হুমকি