চট্টগ্রামে চেকপোস্টে পরিচয় জানতে চাওয়ায় পুলিশের উপর হামলা, আহত ৫

thai foods

খাসখবর চট্টগ্রাম ডেস্ক: চট্টগ্রামে মহানগরীর চান্দগাঁও থানা এলাকায় পুলিশ চেকপোস্টে তল্লাশির সময়ে পরিচয় জানতে চাওয়ায় পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে পাঁচ পুলিশ সদস্য আহত হন। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

thai foods

মঙ্গলবার (১৪ জানুয়ারি) সন্ধ্যা পৌনে ৬টার দিকে নগরীর চান্দগাঁও থানার কাপ্তাই রাস্তার মাথা সংলগ্ন মোহরা পুলিশ বক্সের সামসে এ ঘটনা ঘটে।

আহত পুলিশ সদস্যরা হলেন- এসআই মো. হাবিবুর রহমান, এএসআই অসিত নাথ, কনস্টেবল আব্দুস সাত্তার, মো. আমিরুল ইসলাম এবং ফরিদ শেখ।

পরে চান্দগাঁও থানা থেকে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে মো. মোরশেদ (৩১) এবং মো. করিম (৩৮) নামে দুই হামলাকারীকে আটক করে। আটক মোরশেদ চট্টগ্রাম জেলার পটিয়া থানার চরখানাই গ্রামের মনছুর আহম্মেদের ছেলে। তিনি নগরীর বায়েজিদের কুঞ্জছায়া আবাসিব এলাকায় বসবাস করেন। আটক মো. করিম চট্টগ্রামের বোয়ালখালী থানার ডলিপাড়া জব্বার সওদাগর বাড়ির শামসুল আলমের ছেলে।

হামলা ও আটকের পর এ বিষয়ে আটক দুইজনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। মামলায় পুলিশের ওপর হামলা, সরকারি কাজে বাধা ও পুলিশের অস্ত্র ছিনিয়ে নেওয়ার অভিযোগ করা হয়েছে।

এ বিষয়ে চান্দগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আফতাব উদ্দিন গণমাধ্যমকে বলেন, মোহরা পুলিশ বক্সের সামনে নিয়মিত তল্লাশি চলাকালে একটি সিএনজি অটোরিকশার দুই যাত্রীর পরিচয় জানতে চান ডিউটিরত পুলিশ সদস্য। এসময় তারা একেকবার একেক নাম বলেন। এতে সন্দেহ হওয়ায় তাদের পরিচয়পত্র চাওয়া হলে পুলিশকে প্রথমে গালমন্দ শুরু করেন একজন।

এসময় অন্য পুলিশ সদস্যরা পরিস্থিতি শান্ত করা এবং ঘটনাটি ভিডিও রেকর্ড করে রাখার চেষ্টা করলে পুলিশ সদস্যদের ওপর হামলা করেন দুই যুবক। পরে খবর পেয়ে থানা থেকে অতিরিক্ত ফোর্স গিয়ে ঘটনাস্থল থেকে দুই হামলাকারীকে আটক করে। এ ঘটনায় আটকদের নামে মামলা হয়েছে। ওই মামলায় দুইজনকে গ্রেফতার দেখিয়ে বুধবার সকালে তাদের আদালতে পাঠানো হবে বলে জানান তিনি।

খখ/মো মি

আগে“জুলাই-আগস্টেই জাতীয় নির্বাচন সম্ভব”- মির্জা ফখরুল
পরে“আপনার জন্য দরজা খোলা রইল”- টিউলিপকে স্টারমার