খাসখবর বিভাগীয় ডেস্ক: নোয়াখালীর চাটখিলে ১৬০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই নারী মাদক কারবারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গত রোববার (১৯ জানুয়ারি) দিবাগত রাতে তাদের আটক করা হয়।
পুলিশ জানায়, উপজেলার শাহাপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের প্রসাদপুর গ্রামের ইসমাইল পালের বাড়ীতে অভিযান চালিয়ে দুই নারী মাদক কারবারীকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ১ হাজার ৬ শত পিস ইয়াবা উদ্ধার করা হয়।
আটককৃত আসামীরা হলেন- নোয়াখালী জেলার সেনবাগ উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের রাজারামপুর গ্রামের আসমা বেগম (৩৪) এবং চাটখিল উপজেলার শাহাপুর ইউনিয়নের প্রসাদপুর গ্রামের পারভীন আক্তার (৪০)।
চাটখিল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফিরোজ উদ্দিন চৌধুরী বলেন, নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে আসমা বেগম ও পারভীন আক্তার নামের দুই জন নারী মাদক কারবারীকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে এক হাজার ছয়শত পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে। ওসি ফিরোজ জানান, মাদক উদ্ধারে ‘টিম চাটখিল’র অভিযান অব্যাহত রয়েছে।
খখ/মো মি


