খাসখবর চট্টগ্রাম ডেস্ক: চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে দেশীয় তৈরি পাইপগান ও ধারালো অস্ত্রসহ মো. গিয়াস উদ্দিন (২১) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (৪ নভেম্বর) বিকেলে উপজেলার কোদালা ইউনিয়নের ধোপাঘাট মুন্সিবাড়ী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মো. গিয়াস উদ্দিন ওই এলাকার নাছির উদ্দিনের ছেলে।
দক্ষিণ রাঙ্গুনিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সাব্বির মোহাম্মদ সেলিম বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে সেনা সদস্যদের সহযোগিতায় অভিযান চালিয়ে গিয়াস উদ্দিনকে গ্রেপ্তার করা হয়। পরে তার ঘরের খাটের নিচ থেকে ১টি দেশীয় তৈরি পিস্তল আকৃতির পাইপগান, ১টি কার্তুজের খোসা, ১টি স্টিলের এসএস পাইপ, ১টি কিরিচ, ২টি দা, ২টি দেশীয় তৈরি ছুরি ও ১টি বিদেশি ছুরি উদ্ধার করা হয়।’
তিনি আরও বলেন, ‘গ্রেপ্তার গিয়াস উদ্দিনের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা প্রক্রিয়াধীন।’
খখ/মো মি


