খাসখবর প্রতিবেদক, বৃহত্তর চট্টগ্রাম ডেস্ক: কক্সবাজার জেলার মহেশখালী থানার নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে পদায়ন করা হয়েছে চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড মডেল থানার ওসি মো. মজিবুর রহমানকে।

গত ৩ ডিসেম্বর (মঙ্গলবার) লটারির মাধ্যমে ৫২৭ থানার অফিসার ইনচার্জদের বদলির আদেশের মাধ্যমে তাকে মহেশখালী থানায় পদায়ন করা হয়।
একই সাথে মহেশখালী থানার ওসি মঞ্জুরুল হককে চট্টগ্রাম জেলার সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) হিসাবে বদলি করা হয়েছে।
গত সোমবার (৮ ডিসেম্বর) নতুন ওসি মো. মজিবুর রহমান মহেশখালী থানায় যোগদান করে দায়িত্বভার গ্রহণ করেন।
জুলাই বিপ্লবের পর গত বছরের সেপ্টেম্বর মাসে প্রথমবারের মতো চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড মডেল থানার নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসাবে ইন্সপেক্টর মো. মজিবুর রহমান দায়িত্বভার গ্রহণ করেন। একটানা ১ বছর ৩ মাসের অধিক সময় তিনি সুনামের সাথে সীতাকুণ্ড মডেল থানার ওসি হিসাবে দায়িত্ব পালন করেন।
সীতাকুণ্ড মডেল থানায় যোগদানের পর ওসি মো. মজিবুর রহমান নিজ কর্মদক্ষতায় একাধিকবার চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হন।

চট্টগ্রাম জেলা পুলিশ সুপারের সার্বিক দিকনির্দেশনায় সীতাকুণ্ড মডেল থানা এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, বিশেষ অভিযান পরিচালনা করে অস্ত্রধারী-সন্ত্রাসী গ্রেফতার, মাদক ব্যবসায়ী, চুরি, ডাকাতি, চাঁদাবাজি, দস্যূতা, নিয়মিত মামলার আসামী, পরোয়ানাভুক্ত আসামী গ্রেফতারসহ নানাবিধ কার্যক্রমের জন্য উত্তম কাজের স্বীকৃতিস্বরুপ ওসি মো. মজিবুর রহমানকে ‘শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ’ নির্বাচিত করা হয়।

কুমিল্লা জেলার চান্দিনা উপজেলার কৃতি সন্তান কক্সবাজার জেলার মহেশখালী থানার নতুন ওসি মো. মজিবুর রহমান পুলিশ বাহিনীতে যোগদানের পর থেকে ডিএমপি, সিএমপি, সিলেট, ঢাকা ও চট্টগ্রাম রেঞ্জের বিভিন্ন জেলাসহ পুলিশ বিভাগের বিভিন্ন ইউনিটে কর্মরত থেকে একজন অভিজ্ঞ ও দক্ষ পুলিশ কর্মকর্তা হিসাবে সুনামের সাথে দায়িত্ব পালন করেন।
নতুন ওসি মো. মজিবুর রহমান মহেশখালী থানার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য এলাকাবাসীর সার্বিক সহযোগিতা কামনা করেছেন।
খখ/মো মি


