খাসখবর আন্তর্জাতিক ডেস্ক: ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি ও ইরানের জাতীয় নিরাপত্তা প্রধান আলী লারিজানি সহ কয়েকজন ইরানি নেতার বিষয়ে তথ্য দিলে সর্বোচ্চ ১ কোটি ডলার (১০ মিলিয়ন ডলার) পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র।
মার্কিন পররাষ্ট্র দপ্তরের ‘রিওয়ার্ডস ফর জাস্টিস’ কর্মসূচির আওতায় এই ঘোষণা দেওয়া হয়েছে। কর্মসূচিটির পক্ষ থেকে প্রকাশিত এক পোস্টারে বলা হয়, “ইরানের সন্ত্রাসী কার্যক্রমে জড়িত নেতাদের” বিষয়ে তথ্য চাওয়া হচ্ছে।
পোস্টারে দাবি করা হয়, এই ব্যক্তিরা ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস–এর বিভিন্ন অংশকে নির্দেশনা ও নেতৃত্ব দেন। সংগঠনটি বিশ্বজুড়ে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিকল্পনা, সংগঠন ও বাস্তবায়নে জড়িত বলেও অভিযোগ করা হয়েছে।
মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, নির্ভরযোগ্য তথ্য দিলে তথ্যদাতারা সর্বোচ্চ ১০ মিলিয়ন ডলার পর্যন্ত পুরস্কার পেতে পারেন। প্রয়োজন হলে তাদের নিরাপদ পুনর্বাসনের সুযোগও দেওয়া হতে পারে।
যাদের সম্পর্কে তথ্য চাওয়া হয়েছে তাদের মধ্যে রয়েছেন— ইরানের গোয়েন্দামন্ত্রী ইসমাইল খতিব, ডেপুটি চিফ অব স্টাফ আলি আসগর হেজাজি, মেজর জেনারেল ইয়াহিয়া রহিম সাফাভি, ব্রিগেডিয়ার জেনারেল এসকান্দার মোমেনি, সুপ্রিম কাউন্সিলের সচিব আলী লারিজানি।
এদিকে শুক্রবার তেহরানে অনুষ্ঠিত আল-কুদস দিবসের বিক্ষোভে অংশ নিতে দেখা গেছে আলী লারিজানিকে। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি ওই কর্মসূচিতে অংশ নেওয়ার কিছু ছবিও প্রকাশ করেছেন।
খখ/মো মি


