খাসখবর চট্টগ্রাম ডেস্ক: চট্টগ্রাম জেলা পুলিশের মাসিক কল্যাণসভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) চট্টগ্রাম জেলা পুলিশ লাইন্সে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার মোঃ মাসুদ আলম, বিপিএম।
কল্যাণসভায় পুলিশ সদস্যদের বিভিন্ন পর্যায়ের সমস্যা, সুযোগ-সুবিধা ও কল্যাণসংক্রান্ত বিষয় নিয়ে সরাসরি মতবিনিময় করেন পুলিশ সুপার। তিনি পুলিশ সদস্যদের বক্তব্য মনোযোগসহকারে শুনে বিভিন্ন সমস্যা সমাধানে প্রয়োজনীয় পরামর্শ ও দিকনির্দেশনা প্রদান করেন। ছুটি, চিকিৎসা, খাবারসহ অন্যান্য কল্যাণমূলক বিষয় নিশ্চিত করার বিষয়ে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়।

সভায় পুলিশ সদস্যদের দায়িত্ব পালনে সর্বোচ্চ সতর্কতা, সচেতনতা, শৃঙ্খলা ও পেশাদারিত্ব বজায় রাখার পাশাপাশি পারস্পরিক সহযোগিতা ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রাখার আহ্বান জানানো হয়। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যম, বিশেষ করে ব্যক্তিগত ফেসবুক আইডি ব্যবহারের ক্ষেত্রে দায়িত্বশীলতা ও সতর্কতা অবলম্বনের বিষয়ে দিকনির্দেশনা প্রদান করা হয়।
কল্যাণসভা শেষে মাদক ও অস্ত্র উদ্ধার, ট্রাফিক ব্যবস্থাপনায় সাফল্য, গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটন, আসামি গ্রেফতারসহ বিভিন্ন ক্ষেত্রে ভালো কাজের স্বীকৃতিস্বরূপ সাফল্য অর্জনকারী পুলিশ কর্মকর্তা ও সদস্যদের পুরস্কার, সম্মাননা ও সনদপত্র প্রদান করেন পুলিশ সুপার মাসুদ।
পুলিশ সুপার মোঃ মাসুদ আলম বলেন, পুলিশ সদস্যদের কল্যাণ নিশ্চিত করার পাশাপাশি ভালো কাজের যথাযথ মূল্যায়ন ও স্বীকৃতি প্রদান একটি ফোর্সবান্ধব কর্মপরিবেশ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
এসময় দায়িত্ব পালনে নিষ্ঠা, সততা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করার জন্য তিনি সকলকে উৎসাহিত করেন।

সভায় চট্টগ্রাম জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, সকল থানার অফিসার ইনচার্জবৃন্দসহ বিভিন্ন ইউনিটের কর্মকর্তা ও পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।
খখ/মো মি


