খাসখবর বৃহত্তর চট্টগ্রাম ডেস্ক: কক্সবাজার সমুদ্রসৈকতে ব্যাটারিচালিত ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে সীমা আক্তার (১৮) নামে এক নারী পর্যটকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৬ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে সৈকতের সুগন্ধা পয়েন্ট এলাকার সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সীমা আক্তার কুমিল্লার দেবিদ্বার এলাকার ফাতেমা তুজ জোহরা মহিলা মাদ্রাসার আলিম দ্বিতীয় বর্ষের ছাত্রী ছিলেন। স্বজনদের সঙ্গে কক্সবাজারে বেড়াতে এসেছিলেন তিনি।
সৈকতে দায়িত্বপ্রাপ্ত জেলা প্রশাসনের কর্মী মাহবুব আলম জানান, ইজিবাইকে করে যাওয়ার সময় সীমা আক্তারের ওড়না চাকায় পেঁচিয়ে যায়। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে দ্রুত কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, নিহতের মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। স্বজনদের সঙ্গে আলোচনা করে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
খখ/মো মি


