খাসখবর জাতীয় ডেস্ক➤জাতীয় সংসদে ৬০টি সংরক্ষিত আসনসহ ১ জন পূর্ণমন্ত্রী চায় জাতীয় হিন্দু মহাজোট। এছাড়াও প্রতিটি উপজেলায় একটি করে মডেল মন্দির নির্মাণের দাবি জানিয়েছে জাতীয় হিন্দু মহাজোট।
জাতীয় সংসদে সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে জাতীয় সংসদে ৬০টি সংরক্ষিত আসন ও একজন পূর্ণমন্ত্রীর দাবি জানায় বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট। শনিবার (১৯ জুন) ঢাকা রিপোটার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে এসব দাবি জানায় সংগঠনটির নেতারা।
সংবাদ সম্মেলনে এসব দাবি ছাড়াও প্রতিটি উপজেলায় একটি করে মডেল মন্দির নির্মাণ, রথ যাত্রায় ১ দিনের সরকারি ছুটিসহ বেশকিছু দাবি তুলে ধরে জাতীয় হিন্দু মহাজোট।
সম্মেলনে উপস্থিত ছিলেন হিন্দু মহাজোটের মহাসচিব গোবিন্দ চন্দ্র প্রামাণিক, নির্বাহী সভাপতি দীনবন্ধু রায়, প্রধান সমন্বয়কারী বিজয় কৃষ্ণ ভট্টাচার্য, মহিলা বিষয়ক সম্পাদক প্রতীভা বাগচী প্রমুখ।
সংবাদ সম্মেলনে সরকারের কাছে ৫টি দাবি তুলে ধরে হিন্দু মহাজোট। দাবিগুলো হলো—
(১) ২০২১-২২ অর্থবছরে হিন্দু সম্প্রদায়ের জন্য জনসংখ্যা অনুপাতে ২২৫৮.১০ কোটি টাকা বরাদ্দ করতে হবে এবং অতিরিক্ত ৫০০০ কোটি টাকার থোক বরাদ্দ দিতে হবে, যা দিয়ে প্রতিটি উপজেলায় একটি করে মডেল মন্দির নির্মাণ করতে হবে।
(২) রথযাত্রায় ১ দিনের সরকারি ছুটি ঘোষণা করতে হবে।
(৩) হিন্দু ধর্মীয় বিধি বিধানের কোনো ধরনের পরিবর্তন করা যাবে না, করতে দেয়া হবে না। একই সঙ্গে মানুষের জন্য ফাউন্ডেশন ও বাঁচতে শেখা নামে দুটি হিন্দু ধর্ম ও সমাজ বিরোধী এনজিওর বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।
(৪) সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে জাতীয় সংসদে ৬০টি সংরক্ষিত আসন ও পৃথক নির্বাচন ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠা করতে হবে।
(৫) একটি সংখ্যালঘু বিষয়ক মন্ত্রণালয় প্রতিষ্ঠা এবং সংখ্যালঘু সম্প্রদায় থেকে একজনকে পূর্ণ মন্ত্রী নিয়োগ দিতে হবে।
আগামী ১৫ জুলাইয়ের মধ্যে সরকারকে ১, ২ ও ৩ নম্বর দাবি বাস্তবায়নসহ অন্যান্য দাবি বাস্তবায়নের সুস্পষ্ট ঘোষণা দিতে হবে। অন্যথায় হিন্দু সম্প্রদায় সারা দেশের প্রত্যেক জেলা ও উপজেলা সদরে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করে পরবর্তী কর্মসূচি ঘোষণা করবে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।
খখ/মো মি


