খাসখবর চট্টগ্রাম ডেস্ক➤চট্টগ্রামের মিরসরাই থানা পুলিশের সাড়াশি অভিযানে আন্তঃ জেলা ডাকাত দলের ৯ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধার করা হয়েছে ছিনতাই হওয়া প্রাইভেট কার, নগদ টাকা, মোবাইল ফোন, ডাকাতির কাজে ব্যবহৃত অস্ত্র।
এ তথ্য নিশ্চিত করেছেন মিরসরাই থানার অফিসার ইনচার্জ(ওসি) মো. মজিবর রহমান পিপিএম।
ওসি মো. মজিবর রহমান পিপিএম জানান, গ্রেফতারকৃত সংঘবদ্ধ আন্তঃ জেলা ডাকাত দলের ৯ সদস্যরা ঢাকা- চট্টগ্রাম মহাসড়কে ডাকাতি, চুরি, ছিনতাই কাজে দীর্ঘদিন যাবত জড়িত ছিল। মিরসরাই থানার বিশেষ টিম বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। তাদের কাজ থেকে উদ্ধার করা হয়েছে লুন্ঠিত প্রাইভেট কার, নগদ টাকা, মোবাইল ফোন, ডাকাতির কাজে ব্যবহত অস্ত্র।
গ্রেফতারকৃত সংঘবদ্ধ আন্তঃ জেলা ডাকাত দলের ৯ সদস্যরা হলো, সীতাকুণ্ড উপজেলার মধ্যম সলিমপুর গ্রামের সেকান্দর মিয়ার ছেলে মিজানুর রহমান প্রকাশ সাদ্দাম(২৩), মিরসরাই উপজেলার পূর্ব হাইতকান্দি গ্রামের রবিউল হোসেনের ছেলে আরাফাত হোসেন রনি(২৩), চট্টগ্রাম মহানগরীর ইপিজেড এলাকার মো ওসমানের ছেলে তুষার (২২), সীতাকুণ্ড উপজেলার দক্ষিণ সলিমপুর গ্রামের মো. ফরিদুল আলমের ছেলে মো. শহীদ(২৩), চট্টগ্রাম কালুশাহ এলাকার মৃত বজলুল হকের ছেলে মো. বক্কর (২৬), ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার জসিম উদ্দিনের ছেলে মো. মহসিন (২৩), সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী হাতেম পাড়া এলাকার মো.রফিকের ছেলে রবিউল হোসেন(২৪), কুমিল্লার নাঙ্গলকোট এলাকার মো.ইউসুফের ছেলে রাকিব হোসেন (২০) ও লক্ষীপুর জেলার চন্দ্রগন্জ থানাধীন আবদুর রাজ্জাকের ছেলে মাসুদুর রহমান (২৩)।
গ্রেফতারকৃতদের কাজ থেকে একটি ছিনতাই হওয়া প্রাইভেট কার উদ্ধার করা হয়। সাথে নগদ টাকা, মোবাইল ফোন, ডাকাতির কাজে ব্যবহৃত অস্ত্রও।
মিরসরাই থানার সেকেন্ড অফিসার এস আই রাজিব পোদ্দার জানান, আন্তঃ জেলা ডাকাত দলের এসব সদস্যরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যাত্রী বেশে ছিনতাই এবং মহাসড়কে রড মেরে গাড়ি ডাকাতি করত।
বৃহস্পতিবার (২০ জানুয়ারি) গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হলে তাদেরকে জেল হাজতে প্রেরনের নির্দেশ প্রদান করে।
খখ/মো মি


