মোহন মিন্টু , চট্টগ্রাম ডেস্কঃ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) ‘পুলিশ কমিশনার’ হিসেবে দায়িত্ব পেয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার কৃষ্ণপদ রায়, বিপিএম(বার), পিপিএম(বার)।
গত বৃহস্পতিবার (৩০ জুন) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপ-সচিব ধনজয় কুমার দাশ স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়।
বর্তমান পুলিশ কমিশনার সালেহ মোহাম্মদ তানভীরকে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের পরিচালক হিসেবে বদলী করা হয়েছে।
২০২০ সালের ৩১ আগস্ট চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব পেয়েছিলেন সালেহ মোহাম্মদ তানভীর।
সিএমপির নতুন পুলিশ কমিশনার কৃষ্ণপদ রায় হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের হালিতলা গ্রামের গোপাল চন্দ্র রায় এবং রমা রানী রায়ের প্রথম সন্তান।
তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিষয়ে অনার্স ও মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি ঢাকায় ইংরেজি দৈনিক ডেইলি স্টারের স্টাফ রিপোর্টার পদে বেশ কিছুদিন দায়িত্ব পালন করেন।
১৯৯৫ সালে ১৫তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে বাংলাদেশ পুলিশে তিনি নিয়োগ পান। তার কর্মজীবন শুরু হয় বগুড়ায়।
বগুড়ায় কিছু সময় দায়িত্ব পালনের পরই তিনি বদলি হয়ে চলে আসেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সহকারী কমিশনার হয়ে। এখানেই কাটে তার দীর্ঘ কর্মজীবন।
সিএমপিতে তিনি সহকারী কমিশনার (কোতোয়ালী, পাঁচলাইশ ও ডবলমুরিং জোনে) হিসেবে দীর্ঘদিন সুনামের সাথে দায়িত্ব পালন করেন।
এরপর পদোন্নতি পেয়ে শেরপুর জেলা এবং চাঁদপুর জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেন কৃষ্ণপদ রায়।
আবারও পদোন্নতি পেয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের রমনা জোনের ডেপুটি কমিশনার, ঢাকায় ডিবি পুলিশের ডেপুটি কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন।
কৃষ্ণপদ রায় পরবর্তীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের যুগ্ম পুলিশ কমিশনার (ক্রাইম) হিসেবে দায়িত্ব পালনকালে পদোন্নতি পেয়ে ডিআইজি পদমর্যাদায় অতিরিক্ত পুলিশ কমিশনার ক্রাইম ও অপারেশন পদে দায়িত্ব পালন করেন।
সবশেষ তিনি গত বছরের ৭ নভেম্বর ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার পূর্ণ দায়িত্ব পান।
পুলিশের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনকালে চৌকস এই কর্মকর্তা ২০০২ থেকে ২০০৩ সালে কসবো, ২০০৬ থেকে ২০০৭ সালে লাইবেরিয়া এবং ২০১২ থেকে ২০১৩ সাল পর্যন্ত সুদানে জাতিসংঘের শান্তি মিশনে শান্তিরক্ষা কমিশনে দায়িত্ব পালন করেন।
২০১২ সালে কৃষ্ণপদ রায় প্রেসিডেন্ট পুলিশ পদক পিপিএম এবং ২০১৫ সালে বাংলাদেশ পুলিশ পদক বিপিএম পদক দেওয়া হয়।
কর্মজীবনের শুরুতে যে সিএমপিতে তিনি এসেছিলেন সহকারী কমিশনার হিসেবে, সেই সিএমপিতেই এবার তিনি আসছেন পুলিশ কমিশনার হয়ে।
নতুন প্রজ্ঞাপনে চট্টগ্রামসহ মোট চার মহানগর পুলিশের কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে নতুন মুখ।
বৃহস্পতিবার (৩০ জুন) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বিসিএস (পুলিশ) ক্যাডারের উপ পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) পদমর্যাদার ছয় কর্মকমর্তাকে বিভিন্ন পদে বদলি বা পদায়ন করা হয়েছে।
প্রজ্ঞাপন অনুসারে, ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার কৃষ্ণপদ রায়কে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে।
ঢাকা নৌ পুলিশ ইউনিটের অতিরিক্ত ডিআইজি মোল্লা নজরুল ইসলামকে গাজীপুর মহানগর পুলিশের কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জুন) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখার উপ-সচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে নতুন এই কমিশনারদের নিয়োগ দেওয়া হয়।
প্রজ্ঞাপনে ডিএমপির অতিরিক্ত কমিশনার কৃষ্ণপদ রায়কে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার, ঢাকা রেঞ্জ কার্যালয়ের অতিরিক্ত ডিআইজি এবং ডিআইজি হিসেবে পদোন্নতিপ্রাপ্ত নুরে আলম মিনাকে রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার, নৌ পুলিশের অতিরিক্ত ডিআইজি ও ডিআইজি হিসেবে পদোন্নতিপ্রাপ্ত মোল্যা নজরুল ইসলাম গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার ও চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি এবং ডিআইজি হিসেবে পদোন্নতিপ্রাপ্ত মো. সাইফুল ইসলামকে বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
একই আদেশে রংপুর রেঞ্জের ডিআইজি দেবদাস ভট্টাচার্যকে ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি ও রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহা. আবদুল আলীম মাহমুদকে রংপুর রেঞ্জের ডিআইজি হিসেবে বদলি করা হয়েছে।
প্রজ্ঞাপনে, জনস্বার্থে এ আদেশ কার্যকর হবে বলেও জানানো হয়েছে।
খখ/মো মি


