খাসখবর বিনোদন ডেস্কঃ কলকাতার আনন্দবাজার পত্রিকায় সাংবাদিকের একটা প্রশ্ন ছিল অপু বিশ্বাসের কাছে, এ রকম- ‘জীবনের এই যাত্রাপথে কোন ঘটনা না ঘটলে আপনি খুশি হতেন? উত্তরে অপু বলেছেন, ‘অবশ্যই বলব, শাকিব খানের সঙ্গে বিয়েটা। এত দ্রুত বিয়ে, দ্রুত বাচ্চা—সবটাই তাড়াতাড়ি করে ফেলেছি। এটা যদি সময় নিয়ে করতাম, বুঝে করতাম, তা হলে ভালো হতো।


মোদ্দা কথা-‘শাকিবের সঙ্গে এতো তাড়াতাড়ি বিয়ে না হলেই ভালো হতো’। জানালেন অপু বিশ্বাস।
কলকাতায় ৬ সেপ্টেম্বর মুক্তি পেতে যাচ্ছে অপু বিশ্বাস অভিনীত ‘আজকের শর্টকার্ট’ ছবিটি। গায়ক নচিকেতা চক্রবর্তীর গল্পে সিনেমাটি পরিচালনা করেছেন সুবীর মণ্ডল। এই ছবির প্রচারণায় অংশ নিতে ১৭ আগস্ট কলকাতার উদ্দেশে ঢাকা ছাড়েন অপু। ঢাকায় ফিরবেন আগামী শুক্রবার। প্রচারণার অংশ হিসেবে অপু বিশ্বাস কলকাতার আনন্দবাজার পত্রিকায় ছবিসহ বিভিন্ন বিষয়ে কথা বলেছেন। কথায় উঠে এসেছিল তাঁর ব্যক্তিজীবন প্রসঙ্গও।
১৬ বছর বয়সে চলচ্চিত্রে অভিনয় শুরু করেন অপু বিশ্বাস। অভিনয় করতে গিয়ে শাকিব খানের সঙ্গে প্রেম, এরপর দুজনের যখন বিয়ে হয়, তখন অপু বিশ্বাসের বয়স ২০ বছর।
বিয়ের ৯ বছর পর ২০১৭ সালের এপ্রিলে শাকিব-অপুর বিয়ের খবরটি টেলিভিশন লাইভে এসে জানান অপু বিশ্বাস। সঙ্গে এ–ও জানালেন, তাঁদের ছয় মাস বয়সী একজন পুত্রসন্তান রয়েছে, যাঁর নাম আব্রাম খান জয়। বিয়ের খবর প্রকাশ্যে আসার পরই দুজনের সম্পর্কের অবনতি হয়। একটা সময় দুজনের সম্পর্ক গড়ায় বিচ্ছেদে।
এদিকে বিচ্ছেদের পাঁচ বছরের মাথায় কলকাতায় ছবির প্রচারে গিয়ে অপু বিশ্বাস জানালেন, ওই বয়সে তাঁর বিয়ে করার সিদ্ধান্ত ভুল ছিল। একই সঙ্গে এ–ও জানালেন, বিয়ে না করলে তো আব্রামের মতো সন্তানের মা–ও হতে পারতাম না, এটাও কিন্তু ঠিক।
অপু বিশ্বাস বললেন, ‘এটা আমার এখনকার উপলব্ধি। থাকে না, মানুষ হিসেবে তো অনেক কিছু মনে হতেই পারে। আমার মনেও তেমনটাই হচ্ছিল, যদি আরও প্রতিষ্ঠিত হয়ে বিয়ে করতাম, হয়তো ভালো হতো। তবে এটাও তো ঠিক, ভাগ্যে ছিল।
খখ/মো মি


