খাসখবর প্রতিবেদক, চট্টগ্রাম ডেস্কঃ নগরীর বন্দর থানাধীন কলসীদীঘি পাড় এলাকা হতে জেমি
নামের ৩ বছরের এক শিশু অপহৃত হয়েছে। অপহৃত শিশু জেমির নানির সাথে ভাব জমিয়ে অভিনব কৌশলে অপহরন করে অজ্ঞাতনামা এক যুবক।
ঘটনাটি ঘটেছে গত ২২ সেপ্টেম্বর বিকেল সাড়ে চারটার সময় বন্দর থানার কলসীদিঘীর রোডস্থ ওয়াশীল চৌধুরীপাড়া নতুন রাস্তার মোড়ে।
পুলিশ জানায়, গত ২২ সেপ্টেম্বর সকাল সাড়ে এগারোটায় ভিকটিম জেমি তার নানির সাথে বন্দর থানাধীন কলসীদিঘীর পাড় এলাকায় বসবাসরত খালার বাসায় আসার উদ্দেশ্যে লাকসাম হতে চট্টগ্রাম গামী ট্রেনযোগে রওনা হয় । ট্রেনে এক অজ্ঞাতনামা পুরুষ লোকের (যুবক) সাথে শিশু জেমির নানির পরিচয় হয় এবং সে জানায়, তার বাড়িও লাকসাম। ট্রেনটি বিকেল সাড়ে ৩টায় চট্টগ্রাম পৌঁছে। ট্রেন থেকে নামার পর অজ্ঞাতনামা ওই যুবক জেমির নানিকে জানায় তার বাসাও কলশীদিঘীর পাড় এলাকায়। তখন তারা একত্রে সিটি সার্ভিসের ৬ নম্বর বাস যোগে সিইপিজেডস্থ ফ্রিপোর্ট মোড়ে আসেন। বাস থেকে নেমে অজ্ঞাতনামা ওই যুবক রিক্সা ভাড়া বেশির অজুহাত দেখিয়ে পায়ে হেঁটে বাসায় যাওয়ার পরামর্শ দেন জেমির নানিকে। সরল বিশ্বাসে তার পরামর্শ মেনে একত্রে পায়ে হেঁটে বাসার উদ্দেশ্য রওনা হন তারা। এসময় ৩ বছরের শিশু জেমিকে কোলে নিয়ে অজ্ঞাতনামা ওই যুবক নানির পেছনে পেছনে হাটতে থাকে। বিকেল সাড়ে ৪টার সময় কলশীদিঘী রোডস্থ ওয়াশীল চৌধুরী পাডা নতুন রাস্তার মোড়ে পৌঁছলে ভিকটিমের নানি পেছনে ফিরে তাকিয়ে দেখে তার নাতনি জেমিসহ ওই যুবকটি নাই। অজ্ঞাতনামা ওই যুবকটি জেমিকে কেলে নিয়ে সুকৌশলে পালিয়ে যায়।
অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে ২৩ সেপ্টেম্বর ভিকটিম জেমির বাবা মো. জুয়েল বাদি হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে বন্দর থানায় একটি মামলা দায়ের করেন।
এব্যাপারে বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহফুজুর রহমান বলেন, ঘটনার সংবাদ পাওয়ার পর ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছি। ভিকটিমকে উদ্ধার এবং ঘটনার সাথে জড়িত আসামিকে সনাক্ত পূর্বক গ্রেপ্তারের অভিযান অব্যাহত রয়েছে।
খখ/মো মি


