খাসখবর প্রতিবেদক, চট্টগ্রাম ডেস্কঃ চট্টগ্রামের কর্ণফুলী নদীতে ফিশিং জাহাজ এফভি মাগফেরাত ডুবির ঘটনায় ক্যাপ্টেনসহ ৫ জনের মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ। এই ঘটনায় এখনও ২ জন নিখোঁজ রয়েছে।
বৃহস্পতিবার (১৩ অক্টোবর) সকাল ১০ থেকে বিকেল সাড়ে ৪ টার মধ্যে নৌপুলিশ ও ফায়ার সার্ভিস যৌথ অভিযান চালিয়ে এসব মরদেহ উদ্ধার করেন।
সদরঘাট নৌ-থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ একরাম উল্লাহ বিষয়টি ‘খাসখবর. নিউজ’কে নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘কর্ণফুলীর নদীর ১৫ নম্বর ঘাট এলাকা থেকে এফভি মাগফেরাত
জাহাজের ক্যাপ্টেন ফারুক বিন আবদুল্লাহ, সেকেন্ড ইঞ্জিনিয়ার মো.জহিরুল ইসলাম, শিফ মাস্টার মো. সাইফুল, ডক শ্রমিক মো. রহমত ও জহির উদ্দিনের মরদেহ উদ্ধার করা হয়। ’ফায়ার সার্ভিস ও সদরঘাট নৌ-থানা পুলিশ নিখোঁজ আরও ২ জনের সন্ধানে উদ্ধার তৎপরতা চালাচ্ছেন।’
জানা গেছে, গত মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে চট্টগ্রামের কর্ণফুলীর ইছানগর সি রিসোর্স জেটি এলাকায় মেরামতের জন্য ডক ইয়ার্ডে তোলার সময় নিয়ন্ত্রণ হারিয়ে বয়ার সঙ্গে ধাক্কা লেগে এফভি মাগফেরাত নামে একটি ফিশিং জাহাজ কর্ণফুলী নদীতে ডুবে যায়। এতে এই হতাহতের ঘটনা ঘটে।
জাহাজে থাকা ১৬ জন নাবিকের মধ্যে ৯ জনকে জীবিত উদ্ধার করা গেলেও ৭ জন নিখোঁজ ছিলেন। বৃহস্পতিবার সকালে জাহাজের ক্যাপ্টেনসহ ৪ জনের লাশ উদ্ধার করা হয়েছে।
এ ঘটনায় জাহাজটি নিবন্ধনকারী সংস্থা নৌ-বাণিজ্য অফিস তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে। কমিটিকে ১০ দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
খখ/মো মি


