খাসখবর জাতীয় ডেস্কঃ নিজস্ব অর্থায়নে দেশের ২৫টি জেলায় নবনির্মিত ১০০টি সেতুর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সারাদেশে ১০০টি সড়ক সেতু উদ্বোধনের মাধ্যমে যান চলাচলের জন্য আজ থেকে উন্মুক্ত হল।
সোমবার (৭ নভেম্বর) সকাল ১১টার দিকে প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে একসঙ্গে নবনির্মিত সেতুগুলোর উদ্বোধন ঘোষণা করেন।
প্রধানমন্ত্রীর মুখ্যসচিব ড. আহমদ কায়কাউসের সঞ্চলনায় উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এ বি এম আমিন উল্লাহ নূরী, প্রধানমন্ত্রীর কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
এছাড়াও সুনামগঞ্জ, বরিশাল, খাগড়াছড়ি ও চট্টগ্রাম জেলাপ্রান্তে সেসব জেলার সুবিধাভোগীরা ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠানে যুক্ত ছিলেন।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, সরকার ৮৭৯ কোটি ৬২ লাখ টাকা ব্যয়ে ১০০টি সেতু নির্মাণ করেছে। সেতুগুলোর মধ্যে চট্টগ্রাম বিভাগে ৪৫টি, সিলেট বিভাগে ১৭টি, বরিশাল বিভাগে ১৪টি, ময়মনসিংহে ছয়টি, গোপালগঞ্জ, রাজশাহী ও রংপুরে পাঁচটি করে, ঢাকায় দুটি ও কুমিল্লায় একটি রয়েছে।
প্রায় ৮৮০ কোটি টাকা ব্যয়ে নির্মিত এসব সেতুর মধ্যে সবচেয়ে বড় সেতু সুনামগঞ্জের রানীগঞ্জ ইউনিয়নে, এর দৈর্ঘ্য ৭০২ মিটার। বাকি সেতুগুলোর মধ্যে ৮টি সেতুর দৈর্ঘ্য ১০১ মিটার করে, ২০টি সেতুর দৈর্ঘ্য ৫১ থেকে ১০০ মিটার এবং ৭২টির সেতুর দৈর্ঘ্য ১৬ থেকে ৫০ মিটার।
এ ১০০টি সেতুর মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক সেতু খাগড়াছড়ি জেলায়, এখানে মোট ৪২টি সেতু নির্মাণ করা হয়। এরপরের অবস্থানে রয়েছে সুনামগঞ্জ, এখানে মোট ১৭টি সেতু নির্মাণ করা হয়েছে।
ঝালকাঠি, বরিশাল ও পিরোজপুর জেলায় ৪টি করে সেতু; রাজবাড়ী ও নেত্রকোনা জেলায় ৩টি করে; মানিকগঞ্জ, শেরপুর, পটুয়াখালী, বগুড়া ও চট্টগ্রাম জেলায় ২টি করে সেতু উদ্বোধন করা হয়।
এছাড়া এর বাইরে মাদারীপুর, শরীয়তপুর, ময়মনসিংহ, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, পাবনা, নাটোর, দিনাজপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা, নোয়াখালী ও বান্দরবান জেলায় একটি করে সেতু উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে শত সেতুর ওপর একটি ভিডিও-ডকুমেন্টারিও প্রদর্শন করা হয়।
খখ/মো মি


