খাসখবর চট্টগ্রাম ডেস্কঃ দক্ষিণ জেলা বিএনপির সাবেক সভাপতি ও বিএনপি সরকারের সাবেক প্রতিমন্ত্রী চট্টগ্রাম-১৫ আসনের সাবেক সংসদ সদস্য
জাফরুল ইসলাম চৌধুরী আর নেই।
মঙ্গলবার (৮ নভেম্বর) বেলা আড়াইটার দিকে চট্টগ্রাম এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি…)। তার বয়স হয়ে ছিল ৭৪ বছর। মৃত্যুকালে তিনি দুই ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
বুধবার (৮ নভেম্বর) সকাল ১০ চট্টগ্রাম জামিয়াতুল ফালাহ এবং দুপুর ২টায় বাঁশখালী ডিগ্রি কলেজ মাঠে জানাজা শেষে তার মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
দক্ষিণ জেলা বিএনপি সভাপতি আবু সুফিয়ান বলেন, জাফরুল ইসলাম চৌধুরীর প্রথম নামাজে জানাজা আগামীকাল বুধবার সকাল ১০টায় জমিয়তুল ফালাহ মসজিদ মাঠে, বাঁশখালী জলদী হাইস্কুল মাঠে দুপুর ২টায় দ্বিতীয় জানাজা এবং বিকেল ৩টায় বাঁশখালী গুনাগরি ডিগ্রি কলেজ মাঠে ৩য় জানাজা হবে। এরপর বাঁশখালীতে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
চট্টগ্রাম প্রেস ক্লাবের আজীবন দাতা সদস্য, সাবেক বন ও পরিবেশ প্রতিমন্ত্রী জাফরুল ইসলাম চৌধুরীর (৭২) মৃত্যুতে চট্টগ্রাম প্রেস ক্লাবের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন।
এক বিবৃতিতে চট্টগ্রাম প্রেস ক্লাব সভাপতি আলী আব্বাস এবং সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন চৌধুরী মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
জাফরুল ইসলাম চৌধুরী ১৯৫০ সালের ১৪ অক্টোবর চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় জন্মগ্রহণ করেন। তিনি ১৯৯৬-৯৭ সালে চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (সিসিসিআই) সভাপতি ছিলেন। বিএনপি সরকারের আমলে তিনি পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।
২০০৮ সালে তিনি চট্টগ্রাম-১৫ আসনে বিএনপি থেকে মনোনীত হয়েছিলেন। ২০০৯ সালের জুনে তিনি চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক হন। ২০১০ সালে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চট্টগ্রাম দক্ষিণ জেলা সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি বাংলাদেশ জাতীয় সংসদীয় ফ্রেন্ডশিপ গ্রুপে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একমাত্র সংসদ সদস্য ছিলেন।
খখ/মো মি


