খাসখবর আন্তর্জাতিক ডেস্ক : ব্রিটিশ রানী দ্বিতীয় এলিজাবেথের স্বামী ডিউক অব এডিনবরা প্রিন্স ফিলিপ চলে গেলেন না ফেরার দেশে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৯ বছর।
বাকিংহাম প্যালেস সূত্রকে উদ্ধৃত করে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানিয়েছে।
অসুস্থ বোধ করায় গত ১৬ ফেব্রুয়ারি ফিলিপকে কিং এডওয়ার্ড হাসপাতালে ভর্তি করা হয়েছিল। এক মাসের চিকিৎসা শেষে গত ১৬ মার্চ ৯৯ বছর বয়সী প্রিন্স ফিলিপ হাসপাতাল ছেড়েছিলেন।
তার মৃত্যুর পর বাকিংহাম প্যালেসের বিবৃতিতে বলা হয়েছে, খুবই বেদনার সঙ্গে রানি তার প্রিয় স্বামীর মৃত্যুর খবর ঘোষণা করেছেন। রানির অফিশিয়াল আবাস উইন্ডসর ক্যাসেলে শান্তিপূর্ণভাবে শেষ নিঃশ্বাস ফেলেছেন তিনি।
১৯৪৭ সালে এলিজাবেথকে বিয়ে করেনে ফিলিপ। ৫ বছর পর ১৯৫২ সালে রানি দ্বিতীয় এলিজাবেথ ব্রিটিশ সিংহাসনে আরোহণ করেন। তখন থেকে এ পর্যন্ত নৌবাহিনীর সাবেক কর্মকর্তা প্রিন্স ফিলিপ ২২ হাজার ২১৯টি একক সরকারি কর্মসূচিতে অংশ নেন।
রয়্যাল মেরিনসহ ৭৮০টির বেশি প্রতিষ্ঠানের পৃষ্ঠপোষক, প্রেসিডেন্ট অথবা সদস্য প্রিন্স ফিলিপ ৬৩৭ বার বিদেশ সফর করেছেন এবং প্রায় সাড়ে পাঁচ হাজার বক্তব্য দিয়েছেন। ২০১৭ সালে আনুষ্ঠানিকভাবে অবসর নেন তিনি।
তার মৃত্যুতে বাংলাদেশের রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা গভীর শোক প্রকাশ করেছেন।
খখ/মো মি


