খাসখবর চট্টগ্রাম ডেস্ক: চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানাধীন বলিরহাটে গ্যাস লাইনে লিকেজের কারণে বিস্ফোরণ হয়ে নারী শিশুসহ আটজন আহত হয়েছেন। তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। এঘটনার পর এলাকাবাসীর
মাঝে আতংক বিরাজ করছে।
বুধবার (১৫ ফেব্রুয়ারি) দিবাগত রাতে বলিরহাটস্থ আব্দুর রব সড়কের নজির বাপের বাড়ির পাশে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন— লাবণী (১০), মহিম (১০), রীনা আক্তার (১৬), মো. হৃদয় (১৭), জোছনা আক্তার (১৮), ডলি আক্তার (৩৫), নূরনাহার খাতুন (৫০) ও মামুনা আক্তার (৬০)।
বিষয়টি ‘খাসখবর নিউজ’কে নিশ্চিত করেছেন চান্দগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. খাইরুল ইসলাম।
তিনি বলেন, উক্ত এলাকায় সিটি কর্পোরেশনের নালা দিয়ে গ্যাস লাইনের সংযোগ গেছে বিভিন্ন বাসায়। উক্ত গ্যাস লাইনে লিকেজের কারণে বিস্ফোরণ হয়ে নারী শিশুসহ ৮ জন আহত হয়। ফায়ার সার্ভিসের টিম এসে উদ্ধার কার্যক্রম শেষ করেছে। আহতদের উদ্ধার করে চমেক হাসপাতালে পাঠানো হয়েছে।
খখ/মো মি


