খাসখবর চট্টগ্রাম ডেস্ক: চট্টগ্রামের চন্দনাইশে ‘চিরকুট লিখে’ এক ব্যবসায়ী আত্মহত্যা করেছে। আমার মৃত্যুর জন্য আমি দায়ী—এ কথা লিখে আত্মহত্যা করা ব্যবসায়ীর নাম শিবু বড়ুয়া।
গত ২৭ মার্চ (সোমবার) রাত আটটার দিকে পৌরসভাস্থ মধ্যম চন্দনাইশ ৭নং ওয়ার্ড মিজ্জির দোকান সংলগ্ন হাজী আবু সওদাগর টাওয়ার। এ ঘটনা ঘটে।
শিবু বড়ুয়ার বাড়ি বোয়ালখালী উপজেলার কধুরখীল এলাকায়। ওই এলাকার অনিল বড়ুয়ার ছেলে তিনি। তার স্ত্রী ও এক মেয়ে রয়েছে।
এ ব্যাপারে চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনোয়ার হোসেন বলেন, সংবাদ পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থল থেকে ঝুলন্ত অবস্থায় লাশটি উদ্ধার করে। ঘটনাস্থল থেকে একটি চিরকুট উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে এটিকে আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়। লাশটি ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, মিজ্জির দোকান সংলগ্ন হাজী আবু সওদাগর টাওয়ারের বি-১ ফ্লাটে ভাড়াটিয়া হিসেবে তার ব্যবসায়িক পার্টনার মো: হৃদয় (২২) এর সাথে বসবাস করত। ভিকটিম শিবু বড়ুয়া ও তার পার্টনার মো: হৃদয়ের সাথে ফেরী করে ছোট বাচ্চাদের কাপড় বিক্রি করত। প্রতিদিনের ন্যায় ২৭ মার্চ সকাল ৭ টার সময় তারা দুইজন ফেরী করে ছোট বাচ্চাদের কাপড় বিক্রি করার উদ্দেশ্যে বাসা থেকে বের হয়। বিকাল ৫টার সময় খাবার খাওয়ার কথা বলে ভিকটিম তাদের ফ্লাটে আসে। পরবর্তীতে রাত আনুমানিক ৮টার সময় ভিকটিমের ব্যবসায়িক পার্টনার মো: হৃদয় কাজ শেষে রুমে আসলে দরজা ভিতর থেকে বন্ধ দেখে ভিকটিমকে ডাকতে থাকে। ভিকটিমের কোন সাড়াশব্দ না পেয়ে বাড়ির দারোয়ানসহ অন্যান্য লোকজনের সহযোগিতায় রুমের দরজা ভেঙ্গে প্রবেশ করে। এসময় ভিকটিমকে রুমের ছাদে ফ্যানের হুকের সাথে গামছা ও গেঞ্জির কাটা অংশ দ্বারা ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে তাৎক্ষনিক তার মা-বাবা ও পরিবারের অন্যান্যদের খবর দেয়। সংবাদ পেয়ে দ্রুত থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশের সুরতহাল করে। পরে মরদেহটি ময়না তদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
খখ/মো মি


