খাসখবর চট্টগ্রাম ডেস্ক: চট্টগ্রাম মহানগরীর খুলশী থানার কুসুমবাগ আবাসিক এলাকা থেকে বর্ষা আক্তার (৫) নামে এক কন্যাশিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৩০ মার্চ) রাত সোয়া ১০টার দিকে
ওই এলাকার নির্মাণাধীন একটি ভবনের লিফট থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
বর্ষা আক্তার যশোর জেলার সৈয়দপুর এলাকার মো. আসলামের মেয়ে। তার পরিবার নগরীর কুসুমবাগ আবাসিক এলাকায় গত চার মাস যাবত বসবাস করছে। বর্ষা নগরীর শেখ রাসেল সরকারি প্রাথমিক বিদ্যালয় শিশু শ্রেণিতে পড়ত।
বর্ষার মা সেফালী বেগম বলেন, বৃহস্পতিবার বিকেল চারটা থেকে বর্ষা নিখোঁজ ছিল। চারদিকে খোঁজ করা হয়। ইফতারের পর এলাকায় মাইকিং করা হয়েছিল।
বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন খুলশী থানার অফিসার ইনচার্জ (ওসি) সন্তোষ কুমার চাকমা। তিনি বলেন, ‘বিকেল চারটা থেকে শিশুটিকে পাওয়া যাচ্ছিল না। অনেক খোঁজাখুঁজির পর একটি নির্মাণাধীন ভবনের লিফটের গর্ত থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়। সেখানে পানি জমে ছিল।’ ওসি বলেন, ‘শিশুটি কীভাবে সেখানে গেলো, কীভাবে তার মৃত্য হয়েছে আমরা সেটি তদন্ত করছি। আশেপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। পরিবারের পক্ষ থেকে কোনো ধরনের অভিযোগ নেই। থানায় অপমৃত্যু মামলা করা হবে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পুলিশ বক্সের উপ-পরিদর্শক (এসআই) নুরুল আলম আশেক বলেন, কুসুমবাগ আবাসিক এলাকা থেকে বর্ষা আক্তার নামে এক শিশুকে রাত পৌনে ১১টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ হাসপাতালের মর্গে আছে।
খখ/মো মি


