খাসখবর জাতীয় ডেস্ক: ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রতিনিধিদলকে ক্ষমতাসীন আওয়ামী লীগ জানিয়েছে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী রেখে বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন সম্ভব।
শনিবার (১৫ জুলাই) দুপুরে ঢাকার শেরাটন হোটেলে ইইউর প্রাক-নির্বাচনী অনুসন্ধানী দলের সঙ্গে বৈঠকের পর ক্ষমতাসীন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাংবাদিকদের এ কথা জানান।
ওবায়দুল কাদের বলেন, ‘বাংলাদেশে তারা একটা অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন তারা চান এবং আমরাও বলেছি, একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন শেখ হাসিনার নেতৃত্বে, বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বে সম্ভব।’
সংবিধানের বাইরে গিয়ে অন্য কোনোভাবে নির্বাচনের কোনো আলোচনা হয়নি জানিয়ে তিনি আরও বলেন, ‘বাংলাদেশের সংবিধান, সার্বভৌমত্ব, আইনি ব্যবস্থার উপর ভিত্তি করে তারা একটি নির্বাচন দেখতে চায়। তারা নির্বাচন ব্যবস্থার সংস্কারে আশ্বস্ত হয়েছেন বলে আমাদেরকে জানিয়েছেন।’
ওবায়দুল কাদের বলেন, ‘ইইউ প্রতিনিধিদল সংলাপ, তত্ত্বাবধায়ক সরকার ও সংসদ ভেঙে দেওয়ার বিষয়ে আলোচনা করেনি। বরং তারা আমাদের বিদ্যমান নির্বাচন ব্যবস্থার সংস্কারের ওপর আস্থা দেখিয়েছে।’
সম্প্রতি সিটি করপোরেশন নির্বাচন নিয়ে তারা (ইইউ প্রতিনিধিদল) কোনো অসন্তোষ জানিয়েছে কি না-এমন প্রশ্নের জবাবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘অসন্তোষের মতো কিছু বলে নাই। আলোচনা হয়েছে। তারা তো আসলে যে মিশনটা নিয়ে এসেছে ,সে ব্যাপারে যা বলার যা ডিসকাস করার সেটিই তারা ডিসকাস করেছে। কাজেই আমরা আগ বাড়িয়ে কেন এসব কথা বলতে যাব।’
সংলাপের উদ্যোগ নেওয়া হবে কি না-এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘একটা কথা পরিষ্কার বলতে চাই, বাংলাদেশের সংবিধান, নির্বাচন সম্পর্কে এর বিধিবিধানের কোনো ব্যত্যয় আমরা মানি না। এটা একটা বিষয়। আরেকটা বিষয়, পৃথিবীর অন্যান্য দেশের মতো নির্বাচনকালীন সরকার যেভাবে হয় বাংলাদেশেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে নির্বাচনকালীন সরকার গঠিত হবে। আর এখানে সংসদের বিলুপ্ত হওয়ার প্রশ্নই ওঠে না, সরকারের পদত্যাগের প্রশ্নই ওঠে না। তত্ত্বাবধায়ক সরকার প্রশ্নই ওঠে না।’
তিনি জোর দিয়ে বলেন, তাদের সঙ্গে ইতিবাচক আলোচনা হয়েছে। তবে আসন্ন নির্বাচনের জন্য পর্যবেক্ষক পাঠানোর বিষয়ে কোনো আলোচনা হয়নি।
এর আগে, সকাল সাড়ে ১১টায় আওয়ামী লীগের নেতারা শেরাটনে পৌঁছান। ১২টা বাজার কিছু আগে ইইউ প্রতিনিধিদলের পাঁচ সদস্য একসঙ্গে বনানীর ওই হোটেলে প্রবেশ করেন।
খখ/মো মি


