ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে এমপি নির্বাচিত হলেন মোহাম্মদ এ আরাফাত

"যেখানে নাগরিক সুবিধা কম, সেখানেই কাজ করবো"-আরাফাত
thai foods

খাসখবর নির্বাচন ডেস্ক: ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে বেসরকারিভাবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোহাম্মদ আলী আরাফাত। নৌকা প্রতীকে তিনি পেয়েছেন ২৮ হাজার ৮১৬ ভোট।

thai foods

মোহাম্মদ এ আরাফাতের নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম পেয়েছেন ৫ হাজার ৬০৯ ভোট। তার প্রতীক হচ্ছে একতারা।

এই আসনের মোট ১২৪টি ভোটকেন্দ্রে সোমবার সকাল ৮ টায় শুরু হয়ে বিকাল ৪টা পর্যন্ত চলে ভোটগ্রহণ।

সোমবার (১৭ জুলাই) সন্ধ্যায় রাজধানীর বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজে বেসরকারিভাবে এ ফল ঘোষণা করা হয়।

ঢাকা-১৭ আসনে মোট ভোটকেন্দ্র ১২৪টি। সবমিলিয়ে ৬০৫টি ভোটকক্ষে ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। আসনটিতে মোট ভোটার ৩ লাখ ২৫ হাজার ২০৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৭১ হাজার ৬২৫ এবং নারী ভোটার ১ লাখ ৫৩ হাজার ৫৮০ জন।

আলোচিত আসনের সংসদ সদস্য ছিলেন আকবর হোসেন পাঠান ফারুক। তার মৃত্যুতে আসনটি শূন্য হয়।

ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে ভোটার উপস্থিতি তুলনামূলক কম ছিল। ভোট শুরুর পর থেকে মাঝামাঝি পর্যন্ত শান্তিপূর্ণ পরিবেশ ছিল। তবে বিকেল ৪টার খানিক আগে হিরো আলমকে মারধর করা হয়। এছাড়া তার এজেন্টদের কেন্দ্রে ঢুকতে দেয়া হয়নি। ফলে কারচুপির অভিযোগে নির্বাচন বয়কটের ঘোষণা দেন তিনি।

এই উপনির্বাচনে প্রার্থী ৮ জন। তাদের মধ্যে দলীয় প্রার্থীরা হলেন-আওয়ামী লীগের মোহম্মদ আলী আরাফাত, জাতীয় পার্টির সিকদার আনিসুর রহমান, জাকের পার্টির কাজী মো. রাশিদুল হাসান, তৃণমূল বিএনপির শেখ হাবিবুর রহমান, বাংলাদেশ কংগ্রেসের মো. রেজাউল ইসলাম স্বপন ও বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তি জোটের মো. আকবর হোসেন। আর স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে আছেন মো. আশরাফুল আলম (হিরো আলম) ও মো. তারিকুল ইসলাম।

এদিকে, ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে জয় পাওয়ায় খুশি বলে জানিয়েছেন আওয়ামী লীগের প্রার্থী মোহাম্মদ এ আরাফাত। আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেয়ার পর ঢাকা-১৭ আসনের বস্তি এলাকার উন্নয়নে নজর দেবেন জানিয়ে অধ্যাপক আরাফাত বলেন, প্রথমেই ১৭ আসনে যত বস্তি আছে, যেখানে নাগরিক সুবিধা কম, সেখান থেকে তাদের চাহিদা অনুযায়ী কাজ করবো।

সোমবার (১৭ জুলাই) রাতে ফল ঘোষণার পর তিনি এ প্রতিক্রিয়া জানান। ঘোষিত বেসরকারি ফল অনুযায়ী ১২৪ কেন্দ্রের সবকটির গণনায় অধ্যাপক আরাফাত পেয়েছেন ২৮ হাজার ৮১৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম পেয়েছেন ৫ হাজার ৬০৯ ভোট।

জয়ের পর অধ্যাপক আরাফাত বলেন, জয়ী হতে পেরে আমি খুশি। তবে কেন এত কম ভোট পড়েছে, সেটি খতিয়ে দেখবো।

আসনটিতে নৌকার ভোটার বেশি থাকায় অনেকের আগ্রহ কম ছিল, তাই ভোট কম পড়েছে, পাশাপাশি গাড়ি বন্ধ থাকায় অনেকে আসতে পারেনি বলে মন্তব্য করেন তিনি। তবে ভোটার উপস্থিতি কম থাকার বিষয়টিকে তিনি নিজেদের ব্যর্থতা বলে মনে করেন। নাগরিকদের সুবিধা ও চাহিদা অনুযায়ী সর্বোচ্চটুকু করার কথা বলেছেন তিনি।

ভোট সুষ্ঠু হয়েছে দাবি করে তিনি আরও বলেন, আমরা সব দলের অংশগ্রহণে নির্বাচন চাই। হিরো আলমের ঘটনার সঙ্গে ভোটের সম্পর্ক নেই। এটা আইনশৃঙ্খলা বাহিনীর বার্তায় পরিষ্কার। আর প্রধানমন্ত্রী নিজেও এমন ঘটনার নিন্দা জানিয়েছেন।

এরআগে বিকেলে ভোট শেষে বনানীতে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি হিরো আলমের ওপর হামলার ঘটনার নিন্দা জানান। পাশাপাশি ঘটনার বিষয়ে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে জড়িতদের বিচার নিশ্চিতের দাবি জানান তিনি।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১৫, ১৮, ১৯ ও ২০ নম্বর ওয়ার্ড এবং ঢাকা সেনানিবাস এলাকা নিয়ে গঠিত ঢাকা-১৭ আসনে ১২৪টি ভোটকেন্দ্রের অধীনে ৬০৫টি ভোটকক্ষের মোট ভোটার সংখ্যা ৩ লাখ ২৫ হাজার ২০৫। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৭১ হাজার ৬২৫ জন এবং নারী ভোটার ১ লাখ ৫৩ হাজার ৫৮০ জন।

উপনির্বাচনে মোট ৩৭ হাজার ৪২০টি ভোট পড়েছে। এরমধ্যে বাতিল হয়েছে ৩৮৩ ভোট। আর বৈধ মোট ভোট ৩৭ হাজার ৩৭টি। এ হিসাবে নির্বাচনে ১১.৫১ শতাংশ ভোট পড়েছে।

খখ/মো মি

আগেদোহাজারী পৌরসভার প্রথম মেয়র আওয়ামী লীগের লোকমান হাকিম
পরেডেঙ্গুতে ১ দিনে রেকর্ড ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৫৮৯ জন