খাসখবর চট্টগ্রাম ডেস্ক: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন চট্টগ্রামের খুলশীর পাহাড়তলী কলেজ এলাকায় গুলি করে হতাহতের ঘটনায় অভিযুক্ত শামীম আজাদকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এ সময় তার কাছ থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়।
সোমবার (৮ জানুয়ারি) রাতে চট্টগ্রামের সীতাকুণ্ড এলাকা থেকে তাকে গ্রেফতার করে র্যাব। রাতে র্যাব সদর দফতর থেকে তাকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন সংস্থাটির আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।
তিনি বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ চলাকালীন দুপক্ষের সংঘর্ষে প্রকাশ্যে বিদেশি আগ্নেয়াস্ত্র দিয়ে গুলির ঘটনা ঘটে। ওই ঘটনায় গুলিবর্ষণকারী শামীম আজাদ ওরফে ব্লেড শামীমকে বিদেশি আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার করা হয়েছে। এ বিষয়ে আগামীকাল মঙ্গলবার বিস্তারিত জানানো হবে বলেও জানান র্যাবের এই কর্মকর্তা।
এদিকে র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার জানান, খুলশীর পাহাড়তলী কলেজ এলাকায় নির্বাচনের ভোট গ্রহণ চলাকালীন সময়ে দুপক্ষের সংঘর্ষে প্রকাশ্যে বিদেশী আগ্নেয়াস্ত্র দিয়ে গুলি করে হতাহতের ঘটনায় গুলিবর্ষণকারী শামীম আজাদ ওরফে ব্ল্যাক শামীম’কে বিদেশী আগ্নেয়াস্ত্র সহ সীতাকুণ্ড থেকে গ্রেপ্তার করা হয়েছে।
শামীম আজাদ ওরফে ব্ল্যাক শামীম ১৩ নং পাহাড়তলী ওয়ার্ড কাউন্সিলর ওয়াসিম উদ্দিন চৌধুরীর অনুসারী। এছাড়াও তিনি ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত বলে জানা গেছে।
জানা গেছে, রোববার (৭ জানুয়ারি) সকাল পৌনে ১০টার দিকে নগরের খুলশী এলাকায় পাহাড়তলী কলেজের ভোটকেন্দ্রের কাছে দুপক্ষে সংঘর্ষের ঘটনা ঘটে। ভোটগ্রহণ চলাকালে চট্টগ্রাম-১০ আসনের ফুলকপি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী ও সাবেক মেয়র মোহাম্মদ মনজুর আলমের লোকজন সকাল ১০টার পর পাহাড়তলী কলেজ কেন্দ্র দখলের চেষ্টা করে। তখন কেন্দ্রের আশপাশে থাকা আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মহিউদ্দিন বাচ্চুর লোকজন বাধা দেয়। এতে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ বাঁধে। এ সময় কালো জ্যাকেট পরা শামীম আজাদকে গুলি ছুড়তে দেখা গেছে। এতে দুজন গুলিবিদ্ধ হয়েছে। তারা হলেন—শান্ত বড়ুয়া (৩০) ও মো. জামাল (৩২)।
অনুসন্ধানে জানা গেছে, শামীম আজাদ চট্টগ্রাম সিটি করপোরেশনের ১৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ওয়াসিম উদ্দিনের অনুসারী। চট্টগ্রামের প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের ছাত্র সোহেল হত্যা মামলার অভিযোগপত্রভুক্ত আসামি শামীমের বিরুদ্ধে মিরসরাই থানায় আরও একটি হত্যা মামলা রয়েছে। এর আগে ২০১৮ সালের ২৭ জুলাই চট্টগ্রামের সিটি গেট এলাকা থেকে অস্ত্রসহ গ্রেপ্তার হয়েছিলেন তিনি।
খখ/মো মি


