খাসখবর চট্টগ্রাম : চট্টগ্রাম থেকে স্বামী মো.লালকে নিয়ে কক্সবাজার যাবেন নুরজাহান বেগম। সেই লক্ষ্যে সেহেরি খেয়ে বাস ধরার উদ্দ্যেশে রওনা হয়েছেন নগরীর গরীবুল্লাহ শাহ বাস কাউন্টারের দিকে।
পায়ে হেটে স্বামী-স্ত্রী গল্প করতে করতে বায়েজিদ বোস্তামী থানাধীন আরেফিন নগরস্থ সাউদার্ন ইউনিভার্সিটি সংলগ্ন এলাকায় পৌছালে ছিনতাইকারীর কবলে পড়েন। সময় তখন ভোর সাড়ে ৪টা।
অস্ত্র ও ছোরার ভয় দেখিয়ে তাদের সাথে থাকা নগদ ১৩১৫০ টাকা ও একটি মোবাইল ফোন সেট ছিনিয়ে নেয় ছিনতাইকারীরা। পরে কক্সবাজার না গিয়ে থানায় গিয়ে ছিনতাইকারীদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন ওই দম্পতি।
এরপরেই অভিযানে নামে বায়েজিদ থানা পুলিশের একটি টিম। দিনভর অভিযানে চার ছিনতাইকারীকে গ্রেফতার করতে সক্ষম হয় তারা। তাছাড়া গ্রেফতারকৃতদের কাছ থেকে ছিনতাই করা নগদ ৩ হাজার টাকা ও মোবাইল ফোন সেটটি উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, মো. আরিফ (২৪), মো. জসিম উদ্দিন (২০), মো. সাইফুল (২১) ও মো. মামুন হোসেন (৩০)।
এ তথ্য নিশ্চিত করেছেন বায়েজিদ বোস্তামী থানার অফিসার ইনচার্জ প্রিটন সরকার। তিনি বলেন আজ মঙ্গলবার সকালে এক দম্পতির অভিযোগে প্রেক্ষিতে অভিযান চালিয়ে ছিনতাই কাজে জড়িত চারজনকে গ্রেফতার করা হয়।
ছিনতাইকৃত নগদ অর্থ ও মোবাইল সেটটিও উদ্ধার করা হয়। ওই দম্পতির দায়ের করা ছিনতাই মামলায় চারজনকে গ্রেফতার দেখিয়ে তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে জানায় ওসি।
খখ/প্রিন্স


