খাসখবর চট্টগ্রাম ডেস্ক: চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে আগামী ২ বছরের জন্য ১২ জন ব্যক্তিকে বেসরকারি কারা পরিদর্শক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
আজ বৃহস্পতিবার চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে এ নিয়োগ দেওয়া হয়।
এদের মধ্যে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে আগামী ২ বছরের জন্য বেসরকারি কারা পরিদর্শক হিসেবে সাতকানিয়ার কৃতি সন্তান, জেলা যুবদল নেতা ও বিশিষ্ট ব্যবসায়ী মোজাম্মেল হককে নিয়োগ দেওয়া হয়েছে।
বেসরকারি পরিদর্শক পদে নিয়োগ পাওয়া
মোজাম্মেল হক চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও নগরীর তামাকুমন্ডি লেইন বনিক সমিতির সাধারণ সম্পাদক।
তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় মোজাম্মেল হক বলেন, বেসরকারি কারা পরিদর্শকের কাজটি হচ্ছে স্বেচ্ছায় শ্রম দেওয়ার বিষয়। যেহেতু দায়িত্ব পেয়েছি, বন্দীদের কল্যাণে কাজ করে যাব।
মোজাম্মেল হক ছাড়াও বিভিন্ন উপজেলা থেকে আরও ১১ জনকে বেসরকারি কারা পরিদর্শক হিসাবে নিয়োগ দেওয়া হয়।
নিয়োগ পাওয়া ১২ বেসরকারি কারা পরিদর্শক হচ্ছেন, আনোয়ারার বাসিন্দা জোবাইরুল আলম মানিক, মিরসরাইয়ের বাসিন্দা মো. আমিনুল ইসলাম (তৌহিদ), সাতকানিয়ার বাসিন্দা মোজাম্মেল হক, চন্দনাইশের বাসিন্দা মোহাম্মদ নাসির উদ্দীন, উজ্জল বরণ বিশ্বাস, কোতোয়ালীর বাসিন্দা সৈয়দ আবুল বশর, চান্দগাঁওয়ের বাসিন্দা প্রকৌশলী মুহাম্মদ নাছির উদ্দিন, হাটহাজারীর বাসিন্দা মোহাম্মদ আতাউল্লাহ, কোতোয়ালীর বাসিন্দা মোহাম্মদ আবদুর রাজ্জাক, চান্দগাঁওয়ের বাসিন্দা জাফর আহম্মদ, হালিশহরের বাসিন্দা সুলতানা বেগম ও সদরঘাটের বাসিন্দা কামরুন নাহার লিজা।
এদের মধ্যে জোবাইরুল আলম মানিক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রাম জেলার সমন্বয়ক, মোজাম্মেলক হক চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও নগরীর তামাকুমন্ডি লেইন বনিক সমিতির সাধারণ সম্পাদক, মোহাম্মদ নাসির উদ্দিন জাতীয়তাবাদী যুবদল চট্টগ্রাম মহানগরের সাবেক সহ- বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক, উজ্জল বরণ বিশ্বাস এলডিপির অংগসংগঠন গণতান্ত্রিক যুবদল চট্টগ্রাম দক্ষিণ জেলার সাবেক দপ্তর সম্পাদক ও বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট চট্টগ্রাম দক্ষিণ জেলার সাধারণ সম্পাদক, সৈয়দ আবুল বশর মহানগর ৩২নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, মোহাম্মদ আতাউল্লাহ ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য ও ব্যবসায়ী এবং কামরুন নাহার লিজা চট্টগ্রাম মহানগর মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক।
বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন সাক্ষরিত চিঠিতে বলা হয়, জেল কোডের ১ম খন্ডের ৫৬ থ ধারা (১ ও ২) বিধি অনুযায়ী ১০ জন পুরুষ ও ২ জন নারীকে পরবর্তী ২ বছরের জন্য চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের বেসরকারি কারা পরিদর্শক হিসেবে নিয়োগ দেওয়া হল।
খখ/মো মি


