খাসখবর রাজনীতি ডেস্ক: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘আমরা সমাজের সব শ্রেণি-পেশার মানুষের দাবি নিয়ে সংস্কার কার্যক্রম চালাতে চাই। আমরা ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিতে চাই।’
বৃহস্পতিবার (২৪ এপ্রিল) বিকেলে ঠাকুরগাঁওয়ে জয়নাল আবেদীন মিলনায়তনে রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্তিবিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ কথা বলেন।
তারেক রহমান বলেন, ‘আমাদের মধ্যে বিভিন্ন বিষয়ে মতপার্থক্য থাকতেই পারে, এটা স্বাভাবিক। গণতন্ত্রে মতপার্থক্য থাকবেই। আমরা বসব, আলোচনা করব, আমরা সামনে এগিয়ে যাব। মনে রাখতে হবে, কোনোভাবেই যাতে গণতন্ত্র কিংবা মানুষের ভোটের অধিকার বাধাগ্রস্ত না হয়। কারণ মানুষের গণতান্ত্রিক অধিকার এবং রাজনৈতিক অধিকার যদি বাধাগ্রস্ত হয়, তাহলে সবকিছুই বাধাগ্রস্ত হবে।’
নেতা-কর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘ভোট যদি আপনার পক্ষে আনতে হয়, তাহলে আপনাকে জনগণের কাছে যেতে হবে। সংস্কার যদি চলমান রাখতে হয়, সেটিকে বাস্তবায়ন করতে হয়, তাহলে আপনাকে জনগণের কাছে যেতে হবে। জনগণ ছাড়া আপনাদের কোনো বিকল্প নেই। বিএনপি আজ প্রতিজ্ঞাবদ্ধ, বাংলাদেশে যেকোনো মূল্যে গণতন্ত্র প্রতিষ্ঠিত করতে হবে, যেকোনো মূল্যে মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠিত করতে হবে।’
বিগত সরকারের বিভিন্ন অনিয়ম তুলে ধরে তারেক রহমান বলেন, ‘ফ্যাসিসদের আমলে দেশের বিচারব্যবস্থা ধ্বংস হয়েছে, অর্থনীতি, স্বাস্থ্যব্যবস্থা, শিক্ষাব্যবস্থা সব ধ্বংস হয়েছে।’
ঠাকুরগাঁও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমিনের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর আগে সকালে কর্মশালার উদ্বোধন করেন কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী। কর্মশালায় জেলা ও উপজেলা বিএনপির বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
খখ/মো মি


